স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ ডিসেম্বরঃ বিপাকে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা । তাঁর কোম্পানির বিরুদ্ধে উঠল আর্থিক তছরুপের অভিযোগ। কর্মচারীদের অভিযোগ কোম্পানি প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটলেও তা অ্যাকাউন্টে জমা পড়েনি। প্রায় ২৩ লক্ষ টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে উথাপ্পার কোম্পানির বিরুদ্ধে। এই মর্মে জাতীয় দলের প্রাক্তন ব্যাটারের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। শুধু তাই নয় ২৭ ডিসেম্বরের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সেঞ্চাউরুস লাইফস্টাইল নামক একটি পোশাক নির্মাণ কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন রবিন উথাপ্পা । সেই কোম্পানির বিরুদ্ধে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না করার অভিযোগ উঠেছে। বকেয়া টাকার পরিমাণ ২৩ লাখ ৩৬ হাজার ৬০২। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে সমস্ত বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে গ্রেফতার করা হবে রবিন উথাপ্পাকে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, “আমরা সাত দিন আগে পিএফ অফিস থেকে চিঠি পেয়েছি। চিঠিতে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছে। উথাপ্পা আগে পুলকেশি নগরের একটি ফ্ল্যাটে থাকতেন। আমাদের প্রতিনিধিরা তাঁর ফ্ল্যাটে গিয়েছেন। কিন্তু তাঁরা গিয়ে জানতে পারেন, বেশ কয়েকমাস ধরে তিনি সেখানে থাকেন না। বর্তমানে দুবাইয়ে রয়েছেন। এই বিষয়ে পিএফ অফিসের সঙ্গেও কথা হয়েছে আমাদের।”
আরও পড়ুনঃ Neymar Jr.: ‘চতুর্থ বিশ্বকাপ খেলতে চাই…’ ২০২৬ বিশ্বকাপে নজর নেইমারের
আরও পড়ুনঃ RSA vs PAK: এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয় পাকিস্তানের, ঘরের মাঠে ভরাডুবি প্রোটিয়াদের
উল্লেখ্য, ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রবিন উথাপ্পার। দেশের জার্সিতে ৪৬ টি একদিনের ম্যাচে ৯৩৪ রান করেছেন। ১৩ টি টি-টোয়েন্টিতে তাঁর ব্যাট থেকে এসেছে ২৪৯ রান। ২০০৭ সালে দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। ২০১৪ সালে প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করেছিলেন। দু’বছর আগে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন উথাপ্পা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার