সময় কলকাতা, নিজস্ব প্রতিনিধি, বইমেলা:-
বইমেলার মাঠে এবার বাদ শিল্পীরা? এ প্রশ্নই এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে বইমেলা প্রাঙ্গনে। কলকাতার ময়দানে বইমেলার প্রায় সূচনা লগ্ন থেকে বইমেলার অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন বিভিন্ন মাঠে বসা শিল্পীরা। তাঁরা স্কেচ করতেন চটজলদি, মানুষের মুখের ছবি এঁকে দিতেন। অনেক আর্ট কলেজের ছেলে-মেয়ে এভাবেই সাবজেক্টকে সামনে বসিয়ে স্কেচ করেছেন কলকাতার বইমেলার ময়দানে। যাদের আনুষ্ঠানিক ডিগ্রী নেই, সেই রকম অনেক শিল্পীকেও স্বীকৃতি দিয়েছে কলকাতার বইমেলার খোলা ময়দান। এছাড়া বিভিন্ন হস্তশিল্পীরাও তাদের পশরা নিয়ে বসতেন বইমেলার মাঠের এক্সিট গেটের এক পাশের ফুটপাতে।
কিন্তু ৩০ বছরের ঐতিহ্যে দাড়ি টেনে এবার কলকাতা বইমেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে মাঠে ওইসব শিল্পীদের আর বসতে দেওয়া হবে না।
স্বাভাবিকভাবে প্রবল ক্ষোভে ফুঁসছেন জায়গা হারানো ওই শিল্পীরা। বঞ্চিত শিল্পীদের মুখপাত্র হিসেবে মুন্না জানালেন, গিল্ড কতৃপক্ষ আমাদের বলছেন সরকারি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলতে। কিন্তু এটা তো বেসরকারি মেলা। গিল্ড হল মেলার সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার মালিক। কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় অথবা সুধাংশু দে কেউই আমাদের কথা শুনছেন না। এই এলাকার যিনি বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসুর কাছে আমরা গিয়েছি। তিনি বলেছেন চেষ্টা করবেন, গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের। কিন্তু নিশ্চিত আশ্বাস দিতে পারেননি। যদি কোন সুরাহা না হয় তাহলে আমরা আন্দোলনের পথে যাব। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে মেলা প্রাঙ্গণে এই সমস্ত হস্ত শিল্পীদের পসরা সাজিয়ে বসার সুযোগ হচ্ছে না।


More Stories
বারাসাত বইমেলা : লোক বাড়ছে, ছাপাবইয়ের পাঠক কমছে?
বইমেলায় বঞ্চিত চিত্রশিল্পীরা এবার গণস্বাক্ষর সংগ্রহে নামলেন
তিলোত্তমার ছায়া বই মেলায়