সময় কলকাতা ডেস্ক:- খাস কলকাতার আদালত চত্বর থেকে পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের সার্ভিস রিভলবার দিয়েই আত্মহত্যা করেছেন তিনি। ইতিমধ্যে বিবাদী বাগের সিটি সিভিল কোর্ট বা নগর দায়রা আদালত চত্বর ঘিরে ফেলেছে পুলিশ। স্নিফার ডগ নামিয়ে তদন্ত শুরু হয়েছে। দায়িত্বে খোদ ডিসি সেন্ট্রাল।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পাশাপাশি হোমি সাইড শাখার আধিকারিকরাও উপস্থিত হন। নিয়ে আসা হয় পুলিশ কুকুরও। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোপাল নাথ। এদিন সকাল সাতটা নাগাদ নগর দায়রা আদালতের নিচের তলায় সিঁড়ির পাশে একটি চেয়ারে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর কপালের পাশে গুলি লাগার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের ৯ এমএম সার্ভিস রিভলবার থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হয়েছেন। জানা গিয়েছে, গোপাল নাথ নগর দায়রা আদালতের এক বিচারকের দেহরক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন। কিন্তু কী কারণে তিনি চরম পদক্ষেপ করলেন তা এখনও স্পষ্ট নয়। তবে রহস্যমৃত্যুর কিনারা করতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!