সময় কলকাতা, দীপ সেন, বারাসাত: কুমোরটুলির পর ঘোলা। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ! ঘোলা এলাকার এই ঘটনায় পুলিশ জানিয়েছে, রাজস্থানের পালির বাসিন্দা ভাগারাম সিংয়ের হাত-পা ও মুখ টেপ দিয়ে বাঁধা ছিল। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ রহস্যের কিনারাও করে ফেলেছে। মঙ্গলবার রাতে দমদম নাগেরবাজার থেকে একটি অ্যাপ ক্যাবে ওঠেন দুই যুবক। সঙ্গে ছিল একটি ট্রলি ব্যাগ ও একটি বস্তা। গন্তব্য ছিল ঘোলার মহিষপোতা সংলগ্ন কল্যাণী এক্সপ্রেসওয়ে। নির্জন এলাকায় গাড়ি থামানোর নির্দেশ দেন তাঁরা এবং গাড়ির ডিকি থেকে ট্রলি ব্যাগ নামান। ব্যাগের অস্বাভাবিক ওজন দেখে সন্দেহ হয় চালকের। তিনি জানতে চান, ব্যাগের ভেতর কী রয়েছে এবং কেন নির্জন জায়গায় নামতে বলা হলো। এরপরই দুই যুবকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। ঠিক সেই মুহূর্তে ঘোলা থানার টহলদারি পুলিশের গাড়ি সেখানে পৌঁছে যায়। পুলিশ দেখেই এক যুবক পালিয়ে যান, কিন্তু অপর যুবককে ধরে ফেলে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করতেই রহস্য ফাঁস হয়।
কি ছিল ট্রলি ব্যাগে
ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায়, ভেতরে একটি যুবকের দেহ, যার মুখ সেলোটেপ দিয়ে মোড়ানো ছিল। ঘটনাস্থলে পৌঁছায় ঘোলা ও নাগেরবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় রক্তমাখা ধারালো অস্ত্র ও ৬৫ হাজার টাকা। জানা গিয়েছে, মৃত ভাগারাম ও দুই অভিযুক্ত কৃষ্ণপাল সিং ও করণ সিং, সকলেই রাজস্থানের বাসিন্দা। কর্মসূত্রে গিরিশ পার্কে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল তারা। করণ ও কৃষ্ণপালের থেকে চুড়িদারের পিস কিনতেন ব্যবসায়ী ভাগারাম। ধৃতদের দাবি, ৮ লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল ভাগারামের। দীর্ঘদিন ধরে টাকা চাইলেও দিচ্ছিলেন না ভাগারাম। সেই টাকাকে কেন্দ্র করেই সমস্যার সূত্রপাত। এক পর্যায়ে ভাড়া বাড়িতেই ভাগারামকে খুনের ছক কষে অভিযুক্তরা।
পুলিশ সূত্রে খবর,
প্রথমে কফির সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয় যুবককে। ভাগারাম অচৈতন্য হলে তাঁকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর গলার নলি কেটে মৃত্যু নিশ্চিত করে ধৃতরা। হত্যার পর অভিযুক্তরা দেহটি একটি ট্রলি ব্যাগে ভরে গুদামে রেখে দেয় এবং স্বাভাবিকভাবে পোশাক বিক্রি করতে থাকে। রাতে দেহ লোপাটের পরিকল্পনা করে দুই অভিযুক্ত কৃষ্ণরাম সিং ও করণ সিং। প্ল্যান ছিল রাতে দেহ পাচারের। সেই মতো মঙ্গলবার রাতে ট্যাক্সিতে ট্রলি নিয়ে দুই যুবক পৌঁছে যায় নাগেরবাজার। সেখান থেকে একটি অ্যাপ ক্যাব ভাড়া করে ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খেপলির বিলের দিকে রওনা হয়। তবে সন্দেহ হয় ক্যাব চালক রাহুল অধিকারীর। লোকেশন দেখে কিছু অস্বাভাবিকতা টের পেয়ে তিনি পুলিশকে খবর দেন এবং একজন অভিযুক্তকে ধরে ফেলেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ করণ সিংকে গ্রেফতার করে, তবে কৃষ্ণরাম সিং পালিয়ে যায়। পরে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে মুক্তারামবাবু স্ট্রিট থেকে তাকেও গ্রেফতার করা হয়।
কয়েকদিন আগে, কুমোরটুলিতে এক মহিলার কোপানো দেহ ট্রলি ব্যাগে ভরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। মধ্যমগ্রামে খুনের পর ওই দেহ কুমোরটুলিতে আনা হয় বলে জানা যায়। ওই ঘটনায় এক মহিলা ও তার মেয়েকে গ্রেফতার করেছিল পুলিশ। তার পরে ফের ঘটে গেল ট্রলিব্যাগ কাণ্ড। খুনের উদ্দেশ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে ব্যবসায়িক বিবাদের সূত্র ধরা হচ্ছে। তদন্ত চলছে, আর পুলিশ মনে করছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি