Home » নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন হলেন ‘দলবদলু’ তাপসী মন্ডল

নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন হলেন ‘দলবদলু’ তাপসী মন্ডল

সময় কলকাতা ডেস্ক:- বিহারের যদি ‘পাল্টিরাম’ নীতীশ কুমার থাকে, তবে বাংলায় আছেন তাপসী মন্ডল। একাধিকবার দল বদলে এখন তিনি ‘দলবদলু’ তাপসী মন্ডল। অতি সম্প্রতি তিনি আবারও দল বদলে এখন শাসকদলের বিধায়ক। হাতেনাতে পুরস্কারও পেলেন তিনি। রাজ্যের নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দপ্তরের অধীন নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে তাঁকে। তাঁর সঙ্গে বোর্ডে রয়েছেন আরও ৬ জন আইএএস-ডব্লুবিসিএস আধিকারিক। দলবদলের উপহার দেওয়া হলো হলদিয়ার বিধায়ককে, এমনটাই বিরোধীদের দাবি।

তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেছিলেন, ‘প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো এবং বেকারদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি, সামাজিক উন্নয়নের জন্য কিছু কাজ যাতে করতে পারি, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে যুক্ত হলাম।’ নতুন দায়িত্ব পাওয়ার পর তাপসী জানিয়েছেন, ‘নেত্রী যে কাজ দেবেন, তা দায়িত্বের সঙ্গে পালন করব।’ আরজিকর অভয়া কাণ্ডের পর এই তাপসী মন্ডল কে দেখা গিয়েছিল ‘দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে।

ছাত্রজীবনে বাম রাজনীতি দিয়ে তার হাতে খড়ি। তাপসী শিল্পতালুক হলদিয়ার রাজনীতি একটা সময় নিয়ন্ত্রণ করেছেন। অনেকেই বলেন, শুভেন্দু তৃণমূলে থাকাকালীন যখন হলদিয়ার সংগঠনের দায়িত্বে ছিলেন, সেই সময়ও তাপসী সিপিএমের টিকিটে ওই কেন্দ্রে জেতেন। বিধায়ক থাকাকালীন তার বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকরা। এরপর বিজেপিতে যোগ দেন তাপসী মন্ডল। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বিধায়ক হন হলদিয়া থেকে। ২০২৩ সালে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পান তাপসী। তবে ২০২৪-এর পর থেকেই তাপসীর সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল বলে খবর। সম্প্রতি শ্রমিক সংগঠনকে সামনে রেখে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোন্দল সামনে আসে।

১০ মার্চ আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন তিনি। এর পরই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল তাঁকে। এক সময় সিপিআইএমের দাপুটে নেত্রী তাপসী মণ্ডল ১৯৯৭ সাল থেকে টানা চার বার সিপিএমের টিকিটে হলদিয়া পুরসভার কাউন্সিলার হন। ২০১৬ সালে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যখন তৃণমূলের জয়জয়কার, সেই সময়ও সিপিএমের টিকিটে জয়ী হয়েছিলেন তাপসী মন্ডল।

About Post Author