Home » ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি ডিএমকে-কংগ্রেসের

ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি ডিএমকে-কংগ্রেসের

সময় কলকাতা ডেস্ক:- সংসদে উভয় কক্ষে পাশ হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এবার অপেক্ষা রাষ্ট্রপতির অনুমোদনের। এহেন পরিস্থিতিতে এবার বিলের বিরোধিতা করে দেশের শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিল ডিএমকে এবং কংগ্রেস। তাদের আশা, উভয় কক্ষে বিল পাশ করানো গেলেও বিচারবিভাগে হোঁচট খাবে মোদি সরকার। সুপ্রিম কোর্টে গেলেই আটকে যাবে বিতর্কিত ওই বিলটি। ইতিমধ্যেই বিলটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন। অন্যদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, “সুপ্রিম কোর্ট বিলটিকে বাতিল করে দেবে।”

বিরোধী শিবির আশাবাদী, সুপ্রিম কোর্টে ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ করলে সেটি আটকে যেতে পারে। কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিংভি বলছেন, “এটা সংখ্যাধিক্যকে ব্যবহার করে চাপিয়ে দেওয়া বিল। এই বিলটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলে বাতিল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

স্ট্যালিন দাবি করেছেন, ‘গুটিকয়েক জোটসঙ্গীর সমর্থনকে হাতিয়ার করে সংবিধানের উপর আঘাত হানছে বিজেপি।’ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আরও বলছেন, “এই ভাবে বিলটি পাশ করিয়ে ভারতের সংবিধানের উপর আক্রমণ করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছে।” তাঁর যুক্তি সংসদে বহু সাংসদ বিলটির বিরোধিতা করেছেন। কিন্তু সেই বিরোধিতাকে কোনও গুরুত্বই দেওয়া হয়নি। বৃহস্পতিবার রাজ্যসভায় বিল পাশ হওয়ার আগেই তামিলনাড়ু বিধানসভায় স্ট্যালিন জানিয়ে দিয়েছেন, তাঁর দল সুপ্রিম কোর্টে বিলটিকে চ্যালেঞ্জ করবে। কংগ্রেসের তরফেও দ্রুত বিলটিকে চ্যালেঞ্জ করার ইঙ্গিত দেওয়া হয়েছে শুক্রবার।

এদিকে দু’দিনের দীর্ঘ বিতর্কের পর সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতি সম্মতি দিলেই এই বিল আইনে পরিণত হবে। বিজেপির দাবি, এই বিল আইনে পরিণত হলে কোটি কোটি প্রান্তিক মুসলিম সমাজ উপকৃত হবেন। এতদিন ধরে গুটিকয়েক প্রভাবশালীর হাতে কুক্ষিগত ওয়াকফ সম্পত্তি মুক্ত হবে এবং সাধারণ মুসলিমরা উপকৃত হবেন।

About Post Author