Home » রাজ্যপালের সফর ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ, তুমুল বিক্ষোভ, দফায় দফায় আটকাল কনভয়

রাজ্যপালের সফর ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ, তুমুল বিক্ষোভ, দফায় দফায় আটকাল কনভয়

সময় কলকাতা ডেস্ক:- রাজ্যপালের কনভয় ঘিরে প্রবল বিক্ষোভ মুর্শিদাবাদে। একদিকে বিক্ষোভ, অন্যদিকে আতঙ্ক। দফায় দফায় রাজ্যপালের কনভয় আটকালেন স্থানীয়রা। গাড়ি ঘিরে ধরে জানালেন তাঁদের অভাব-অভিযোগ। তাঁদের দাবি, এলাকায় নিরাপত্তা নেই। এলাকায় বিএসএফ ক্যাম্প চাই। অন্যদিকে, বেতবোনে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্তরা। সব মিলিয়ে শুক্রবার রাতের মালদার মতো শনিবারে ধুন্ধুমার বাধে ধুলিয়ান, বেতবোনে।

প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত হয় মুর্শিদাবাদের জাফরাবাদ। গত শনিবার এক পরিবারের বাড়িতে চড়াও হয় কয়েকজন আতঙ্কবাদী। বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করে তারা। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তপ্ত হয়ে ওঠে জাফরাবাদ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বাহিনী। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনও দিন ফের এমন ঘটনা ঘটতে পারে। তাঁদের নিরাপত্তা দিতে হবে। স্থানীয় ও ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে রাজ্যপাল বলেন, ‘কোনও অসুবিধা হলে সরাসরি আমাকে ফোন করবেন।’ রাজভবনের পিস রুমের ফোন নম্বরও দেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ করুক। এলাকায় শান্তি ফেরানোই অগ্রাধিকার।’

শুক্রবার রাতে মালদার পাললালপুরে ক্ষতিগ্রস্তদের ক্যাম্পে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে তাঁর সঙ্গে দেখা করার দাবি নিয়ে হাজির হয়েছিলেন স্থানীয়রা। সেই নিয়েও উত্তাল হয়ে উঠেছিল এলাকা। এই দিনও প্রায় একই ছবি দেখা গেল বেতবোনে। রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছিলেন স্থানীয় মহিলারা। কিন্তু অভিযোগ, পুলিশ তাঁদের আটকে দেয়। বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন তাঁরা। চলতে থাকে স্লোগান। গাড়ি থেকে নেমে স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। তার পরে পরিস্থিতি শান্ত হয়।

এ দিন সকালে মালদা থেকে মুর্শিদাবাদে যান রাজ্যপাল। তারপর সোজা পৌঁছে যান দাস পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে। ওই পরিবারের বাবা ও ছেলেকে খুন করার অভিযোগ উঠেছে। রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাঁরা রাজ্যপালকে বলেন, ‘ওরা বলেছে, এলাকায় থাকতে দেব না। ভয়ে রাতে ঘুমোতে পারছি না। এভাবে কতদিন চলবে জানি না।’ রাজ্যপাল আশ্বাস দিয়ে বলেন, ‘কোনও অসুবিধা হলে সরাসরি আমাকে ফোন করবেন।’

About Post Author