Home » ভারত যেন প্রত্যাঘাত না করে! আমেরিকার কাছে কাতর আর্জি পাক প্রধানমন্ত্রীর

ভারত যেন প্রত্যাঘাত না করে! আমেরিকার কাছে কাতর আর্জি পাক প্রধানমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক:- কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার ঊর্ধ্বমুখী পারদকে প্রশমিত করতে উদ্যোগী আমেরিকা। বুধবার গভীর রাতে মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ভারতের বিদেশমন্ত্রীকে ফোন করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জয়শঙ্করকে সন্ত্রাস দমনে সহযোগিতা করার এবং দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। যেকোনও সময়ে হামলা চালাতে পারে ভারত, আশঙ্কায় রাতের ঘুম উড়েছে পাকিস্তানের। ভয়ের চোটেই আমেরিকার দ্বারস্থ পাকিস্তান। মার্কিন স্টেট সেক্রেটারি মার্ক রুবিওর কাছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ফোনে অনুরোধ, ভারত যেন প্রত্যাঘাত না করে।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে আগেই পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে ভারত। এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করার বিজ্ঞপ্তিও জারি করেছে ভারত। আর তারপরই ঘুম উড়েছে পাকিস্তানের! বুধবার মার্কিন স্টেট সেক্রেটারি মার্ক রুবিও ফোন করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে। দুইজনের সঙ্গেই পহেলগাঁও জঙ্গি হামলা ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেন। দুইজনের কাছেই অনুরোধ করেন বিরোধ মিটিয়ে নেওয়ার। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্রের ওয়েবসাইটে রাতে রুবিওর বক্তব্য প্রকাশ করেন বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস।

সেখানে তিনি লিখেছেন, বিদেশসচিব মার্কো রুবিও ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। একদিকে যেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলতে গিয়ে মার্ক রুবিও পহেলগাঁওয়ে নিহত ২৬ জনের প্রতি শোক প্রকাশ করেন, তেমনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তাও দেন। অন্যদিকে, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে মার্কিন স্টেট সেক্রেটারি বলেছেন যে তাঁর উচিত ছিল পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করা। জানা গিয়েছে, ফোনে বার্তালাপের সময় শেহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে উসকানিমূলক আচরণের অভিযোগ এনেছে।

এমনকী কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ সম্পূর্ণ অস্বীকার করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন শেহবাজ শরিফ। পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই করছে, তাতে বাধা সৃষ্টি করবে ভারতের আচরণ, এমনটাই দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী।

আমেরিকার কাছে অনুরোধ করেছেন তারা যেন ভারতকে বোঝায়। পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার পরে দুই দেশকেই উদ্ভূত সমস্যার দায়িত্বশীল সমাধান খুঁজতে বলেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু তাতেও পরিস্থিতি তেমন বদলায়নি। তাই এ বার আসরে নামলেন রুবিও।

About Post Author