সময় কলকাতা ডেস্ক:- কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। সেই সম্ভাবনা আরও উস্কে দিতে একের পর এক হুঁশিয়ারি দিতে থাকেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ। কিছুদিন আগেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, যেকোনও সময় ভারত সামরিক অভিযানে নামতে পারে । তাই পাকিস্তান তার বাহিনীকে আরও শক্তিশালী করছে । কিছু কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। একের পর এক হুঁশিয়ারি, হুমকি দিতে থাকেন তিনি। তারপরেই পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফের এক্স অ্যাকাউন্ট ব্লক করেছিল ভারত। তবে থামেননি তিনি। এবার ফের নয়াদিল্লির বিরুদ্ধে বিষোদ্গার করে হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
ভারতের ‘জল কৌশল’ নিয়ে ক্ষুব্ধ ইসলামাবাদ
সম্প্রতি ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে, যা পাকিস্তানের কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের মোট কৃষিজমির প্রায় ৮০ শতাংশ এই চুক্তির আওতায় প্রাপ্ত জলের উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে তাঁর হুঁশিয়ারি, ভারত যদি সিন্ধু জলচুক্তি বাতিল করে তাহলে পাকিস্তান ভারতে হামলা করবে। পাক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, সিন্ধু নদের উপরে যে কোনও ধরনের নির্মাণকাজ সিন্ধু জলচুক্তির লঙ্ঘন এবং তা পাকিস্তানের স্বার্থের পরিপন্থী বলেই ধরা হবে। তাঁর মতে, আগ্রাসন মানে কেবলই গোলাগুলি চালানো নয়। এর আরেক রূপ হল জল বন্ধ করে দেওয়া, যা তৃষ্ণার কারণে মৃত্যুকেও ডেকে আনতে পারে।
এরপরই তিনি হুমকি দেন, যদি ভারত তেমন কোনও নির্মাণকাজ করতে যায় তাহলে পাকিস্তান সেই প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দেবে। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, ভারত একতরফা ভাবে এমন কাজ করতে পারবে না। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে এর প্রতিবাদ করবে। তাঁর দাবি, মোদি সরকার পহেলগাঁও নিয়ে তাদের অভিযোগের সমর্থনে কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে নির্বাচনী ফায়দা তুলতেই নাটক করছেন এমন কটূক্তিও করতে দেখা যায় তাঁকে।
খাজা আসিফকে সম্প্রতি প্রশ্ন করা হয়, পাকিস্তান যে দীর্ঘ সময় ধরে সন্ত্রাসকে মদত দিয়ে চলেছে তা তিনি অস্বীকার করতে পারেন কিনা।
জবাবে খাজা জানিয়েছিলেন, সন্ত্রাসবাদকে অর্থ ও মদত দেওয়ার মতো ঘৃণ্য কাজ গত তিন দশক ধরে করে এসেছে পাকিস্তান। একই সঙ্গে তিনি বলেন, এই কাজ পাকিস্তান করেছে, আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিমের দেশগুলির জন্য। এটা পাকিস্তানের ভুল ছিল। যার ফল পাকিস্তানকে ভুগতে হচ্ছে। তাঁর এই মন্তব্যের পরই খাজার এক্স হ্যান্ডল ব্লক করে দেওয়া হয় ভারতে। কিন্তু এবার পাক সংবাদমাধ্যমে ফের ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করলেন খাজা মহম্মদ আসিফ।
পাকিস্তানের কূটনৈতিক চাপ তৈরির চেষ্টা
খাজা আসিফের এই মন্তব্য ইসলামাবাদের আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। সিন্ধু চুক্তির আওতায় পাকিস্তান প্রতিবছর সিন্ধু, চেনাব ও ঝিলম নদীর জলের সিংহভাগ পেয়ে থাকে। সেই জল সরবরাহে বিঘ্ন ঘটলে দেশটির খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। ভারত-পাকিস্তান সম্পর্ক এমনিতেই উত্তপ্ত, তার উপর জঙ্গি হামলার প্রেক্ষিতে নেওয়া ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্তের পর এবার জলকে কেন্দ্র করে দ্বন্দ্ব নতুন রূপ নিচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেই আশঙ্কা আন্তর্জাতিক মহলের।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি