Home » গরমে অতিষ্ঠ বাংলা, চলতি মাসেই ঢুকছে বর্ষা

গরমে অতিষ্ঠ বাংলা, চলতি মাসেই ঢুকছে বর্ষা

সময় কলকাতা ডেস্ক:- প্রবল গরমে অতিষ্ঠ বাংলা। চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল রাজ্যবাসী। আর কতদিন এমন গরম চলবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। এই আবহেই ভালো খবর মিলেছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সব ঠিক থাকলে ২৭ মে বর্ষা ঢুকবে কেরালায়, অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে। তার আগেই মৌসম ভবন জানিয়েছে, ১৩ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে। মৌসম ভবনের অনুমান স্বাভাবিকের থেকে ৯ দিন আগে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে ভারতের মূল ভূখণ্ডেও পাঁচ দিন আগেই ঢুকতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।

সকাল থেকেই কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি, বিকেলের দিকে আংশিক মেঘলা হতে পারে আকাশ। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। জলীয় বাষ্প বেশি থাকায় এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কতা নেই কলকাতায়।

উত্তরবঙ্গের নীচের দিকে জেলাগুলিতে শুকনো আবহাওয়া। আগামী ৫-৬ দিনে বড়সড় পরিবর্তন নেই পারদে। উত্তরবঙ্গে উপরের দিকে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় সোমবার ঝড় ও বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। শিলাবৃষ্টি এবং বজ্রপাতও হতে পারে। বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপট চলতে পারে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। বৃহস্পতিবার কমতে পারে ঝড়ের দাপট।

বৃহস্পতিবার পর্যন্ত গরম ও চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি থাকবে। আগামী ৫ দিন তাপমাত্রায় বড় পরিবর্তন নেই। রবিবার তাপপ্রবাহের কবলে পড়েছিল কলাইকুন্ডা, দমদম এবং ডায়মন্ড হারবার। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর, সোমবার তাপপ্রবাহ থাকবে চার জেলায়। মঙ্গলবার ৬ জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি থাকার কথা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। বুধবারও বেশ কিছু জেলায় তাপপ্রবাহ থাকতে পারে।

তাপপ্রবাহের পরিস্থিতিতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়।

বজ্রবিদ্যুৎ -সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত দমকা-ঝোড়ো বাতাস বইতে পারে কিছু জেলায়। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। আজ, সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জেলায়- উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে। মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে। বুধবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।

About Post Author