সময় কলকাতা ডেস্ক:- ভারতে আসার কথা স্টারলিঙ্কের। ইলন মাস্কের এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা নিয়ে কথাবার্তাও এগিয়েছে অনেকটাই। তবে পাকিস্তানের সঙ্গে সংঘাত আবহে সব নজর ছিল দেশের নিরাপত্তাতেই। আর সেই সুযোগেই বাংলাদেশ ভারতের আগেই পেয়ে গেল স্টারলিঙ্কের পরিষেবা। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে বাংলাদেশে স্টারলিঙ্কের পরিষেবা চালু হল। দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানে প্রথম স্টারলিঙ্কের পরিষেবা চালু হয়েছিল। এবার বাংলাদেশেও স্টারলিঙ্ক পরিষেবা চালু হল।
সংস্থার তরফে এক্স-এ করা এক পোস্টে বলা হয়েছে, স্টারলিঙ্কের হাই–স্পিড, লো–ল্যাটেন্সি ইন্টারনেট এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে।
কত খরচ পড়বে?
জানা গিয়েছে, স্টারলিঙ্কের এই পরিষেবা পেতে খরচ পড়বে অনেকটাই। প্রথমবার সেট আপের জন্য ৪৭ হাজার বাংলাদেশি টাকা খরচ হবে, যা ভারতীয় মুদ্রায় ৩৯ হাজার টাকা। প্রতি মাসে সাবস্ক্রিপশন বাবদ ৪ হাজার ২০০ বাংলাদেশি টাকা খরচ হবে, যা ভারতীয় মুদ্রায় ২ হাজার ৯৯০ টাকা।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস জানিয়েছেন, স্টারলিঙ্কের এই পরিষেবা স্থিতিশীল ইন্টারনেট পরিষেবা দেবে, রাজনৈতিক উত্তেজনার সময়ও ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হবে না। গত ফেব্রুয়ারিতে স্টারলিঙ্ক-কে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন ইউনুস। স্পেসএক্সের সঙ্গে কাজ করে ৯০ দিনের মধ্যে পরিষেবা চালু করার কথা বলেছিলেন। বর্তমানে বিশ্বের ৭০ টি দেশে স্টারলিঙ্কের পরিষেবা রয়েছে। ভারতেও স্টারলিঙ্কের পরিষেবা চালু হওয়ার কথা। রিলায়েন্স জিয়ো ও এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্বে এই পরিষেবা চালু হতে পারে। তবে তার আগে সংঘাতের সুযোগে বড় ‘দাঁও’ মারল বাংলাদেশ।


More Stories
কোটি কোটি টাকার চুক্তি :কীভাবে ধোঁকা দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বোকা বানালেন ভারতীয় বংশোদ্ভুত ব্যবসায়ী গৌরব?
বিশ্বকাপে শিল্পময় লাতিন আমেরিকার শিবরাত্রির সলতে আর্জেন্টিনা
ট্রাম্পের নির্দেশে বিশ্বকাপে আমেরিকান ফুটবলারের রেড কার্ডের সাসপেনশন উঠে গেল