সময় কলকাতা ডেস্ক:- এখন থেকে আগামী বছরের বিধানসভা নির্বাচন পর্যন্ত প্রতি মাসেই বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মে মাসের শেষদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জনসভা করার পরে এবার জুনেই নন্দীগ্রামে প্রধানমন্ত্রী জনসভা করতে পারেন বলে রাজ্য বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে।
কবে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী?
গত মাসে উত্তরবঙ্গে সভা করেছিলেন মোদি। সেখানে উপচে পড়েছিল ভিড়। চলতি মাসে দক্ষিণবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী। আগামী ২০ জুন শুভেন্দু-গড় নন্দীগ্রামে জনসভা করতে পারেন।
‘পশ্চিমবঙ্গ দিবস’ বিতর্ক
২০২৩ সালে কেন্দ্রীয় সরকার ২০ জুন তারিখকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস তথা ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের নির্দেশ দিয়েছিল। ১৯৪৭ সালে বঙ্গভাগের সিদ্ধান্তকে স্মরণ করে গত কয়েক বছর ধরে এই দিনটি বিজেপির কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।
নন্দীগ্রাম বিজেপির কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তাই সেখান থেকে প্রধানমন্ত্রী ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করে জোরালো রাজনৈতিক বার্তা দিতে চাইছেন বলেই মনে করা হচ্ছে। বিজেপি ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি এই দিনটি বাঙালির জন্য ‘কালো দিন’ বলে মন্তব্য করেন। কারণ এটি বঙ্গবিভাজনের স্মৃতি বহন করে। এই তর্জার মাঝেই আগামী ২০ জুন শুভেন্দু-গড় নন্দীগ্রামে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী।
যদিও, প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে অবশ্য পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। বিজেপির কেন্দ্রীয় নেতারা পরিযায়ী এবং তাদের বাংলায় ‘ডেলি প্যাসেঞ্জারি’ কোনও কাজে দেবে না বলেই মনে করছে তৃণমূল।
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আগামী বছরের ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনঘন বঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০ জুন নন্দীগ্রামে মোদির জনসভা হতে পারে বলে বঙ্গ বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে। শেষ অবধি কী হয় সেটাই দেখার।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের