সময় কলকাতা ডেস্ক:- স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া আপাতত আটকানোর দাবি সামনে রেখে আজ, বৃহস্পতিবার এসএসসি অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা। গতকাল রাত থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল। এর আগে বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, অধিকাংশ চাকরিহারা শিক্ষকই ফের পরীক্ষায় বসতে চান।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘একাংশ শিক্ষক কী করছেন না করছেন জানি না। তবে অধিকাংশ শিক্ষকই ফের নিয়োগ পরীক্ষায় বসতে চাইছেন।’ বেশ জোরের সঙ্গে তিনি বলেন, ‘পরীক্ষা যথাসময়েই হবে।’
ব্রাত্যর এই দাবির পরে চাকরিহারা আন্দোলনরত শিক্ষকরা প্রশ্ন তুলেছেন, ‘ঠিক কোন সমীক্ষা করে শিক্ষামন্ত্রী জানতে পেরেছেন যে অধিকাংশ শিক্ষকই চাকরির পরীক্ষায় বসতে চান?’ তার অবশ্য কোনও সদুত্তর মন্ত্রী বা সরকারি মহল থেকে পাওয়া যায়নি।
ব্রাত্যর দাবির প্রেক্ষিতে তাঁরা পাল্টা দাবি করেন, ‘শিক্ষামন্ত্রী আন্দোলনকে ভেস্তে দিতেই সাজিয়ে গুছি আমি মিথ্যা কথা বলছেন। আসলে উনি এবং উনার সরকার চাইছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি ঢাকতে। এই ধামাচাপা দেওয়ার কথাবার্তা না–বলে বরং তিনি জানান সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের হাল কী!’
চাকরিহারা আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় মণ্ডল বলেন, ‘আমরা একত্র হয়ে এই আন্দোলন করছি। আমাদের স্পষ্ট দাবি, রিভিউ পিটিশনের ফয়সালা না হওয়া পর্যন্ত নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল-আপ বন্ধ করতে হবে। যে ১৫৪০৩ জন যোগ্য শিক্ষক স্কুলে যাচ্ছেন, তাঁদের নাম প্রকাশ করতে হবে।’


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?