সময় কলকাতা ডেস্ক:- তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। মানুষকে কিছুটা পরিত্রাণ দিতে হালিশহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসানো হচ্ছে পরিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন। যা মানুষ বাড়ির ফিল্টারের মতো ব্যবহার করতে পারবেন অতি সহজেই।
হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, ‘মানুষের চাহিদা মেনে বিধায়ক সুবোধ অধিকারী নির্দেশে আমরা ঠান্ডা পানীয় জলের মেশিন বসানোর কাজ শুরু করেছি।’
বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্কুলগুলিতে। ইতিমধ্যে কয়েকটি স্কুলে পানীয় জলের ওই মেশিন বসানোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। কিছু স্কুলে বসানোর কাজ চলছে। হালিশহরের অন্যতম গুরুত্বপূর্ণ হুকুমচাঁদ জুটমিলে কয়েক হাজার শ্রমিক কাজ করেন।
সেই মিলেও মেশিন বসানো হবে। এ ছাড়া বাজার, মার্কেট কমপ্লেক্স, পার্ক, বাসস্টপেও বসবে জলের মেশিন। মেশিনগুলির ব্যবহার ঠিকমতো হচ্ছে কি না তা দেখার জন্য যে সব জায়গায় সিসিটিভি রয়েছে সেই সমস্ত লোকেশনেই এগুলি লাগানো হচ্ছে।
হালিশহর পুরসভা সূত্রে জানা গিয়েছে, অত্যাধুনিক ঠান্ডা পানীয় জলের মেশিন বসাতে ৫২টি স্পটকে চিহ্নিত করেছে পুরসভা। যার মধ্যে গুরুত্বপূর্ণ বাজার যেমন রয়েছে তেমনই রয়েছে স্কুল, জুটমিল, বাসস্টপ, পার্ক।
চিহ্নিত এলাকায় জলের ওই মেশিন ইতিমধ্যে বসানোর কাজ শুরু করেছে পুরসভা। এই প্রকল্পের জন্য পুরসভা তাদের নিজস্ব তহবিল থেকে ব্যয় করেছে ২৮ লক্ষ ৫২ হাজার টাকা। ওই মেশিনগুলি থেকে সহজেই মানুষ ২৪ ঘণ্টা ঠান্ডা পানীয় জল গ্রহণের সুযোগ পাবেন।


More Stories
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা