Home » উপনির্বাচনের জয়ের আনন্দ বদলে গেল বিষাদে! কালীগঞ্জে বিজয় মিছিল থেকে বোমা! মৃত্যু শিশুকন্যার, পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

উপনির্বাচনের জয়ের আনন্দ বদলে গেল বিষাদে! কালীগঞ্জে বিজয় মিছিল থেকে বোমা! মৃত্যু শিশুকন্যার, পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক:- দিনে দুপুরে বোমাবাজি নদিয়ার কালীগঞ্জে। তাতে এক শিশুর মৃত্যু হল। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত এলাকাবাসী। সোমবার কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের গণনা ছিল। ফলাফল প্রকাশের পর তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হয়। অভিযোগ, সেই বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমাতে মোলান্দিতে ১০ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়। শিশুকন্যার পরিবার বাম সমর্থক বলে জানা গিয়েছে। মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার। বিরোধী দলের সমর্থক বলেই কি এমন হামলা? প্রশ্ন তোলেন শিশুকন্যার পরিবার।

সোমবার দুপুর নাগাদ মোলান্দির এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছোড়া হয়। তাতে গুরুতর জখম হয় চতুর্থ শ্রেণির এক ছাত্রী। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে খবর। বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শুধু ওই বাড়িতেই নয়, এলাকার প্রতিটি বাড়িতে পরপর বোমা ছোড়া হয়। বাম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে অন্তত ৪০টি বোমা পরপর ছোড়া হয় বলে অভিযোগ।

এমন অনভিপ্রেত ঘটনার খবর পৌঁছয় মুখ্যমন্ত্রীর কানেও। তিনি সঙ্গে সঙ্গে এনিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন। তাঁর বক্তব্য, কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বারোচাঁদগড় এলাকায় বোমা বিস্ফোরণে এক নাবালিকার মৃত্যু হয়েছে। তিনি স্তম্ভিত, অত্যন্ত ব্যথিত। পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত শিশুকন্যার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রীর আশ্বাস, পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তুঙ্গে শাসক-বিরোধী তর্জা। সরব বিরোধীরা।

যদিও, এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোমবারই কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। তার মাঝে এধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

About Post Author