Home » প্লাবন পরিস্থিতি পরিদর্শনে আরামবাগে মুখ্যমন্ত্রী, ত্রাণ শিবিরে নিজের হাতে খিচুড়ি পরিবেশন

প্লাবন পরিস্থিতি পরিদর্শনে আরামবাগে মুখ্যমন্ত্রী, ত্রাণ শিবিরে নিজের হাতে খিচুড়ি পরিবেশন

সময় কলকাতা ডেস্ক:- প্লাবন পরিস্থিতি পরিদর্শনে আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ত্রাণ শিবিরে নিজের হাতে পরিবেশন করলেন খিচুড়ি। লাগাতার বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ভেসে গেছে আরামবাগ-খানাকুলের বিস্তীর্ণ এলাকা। বানবাসি এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে আসা হয়েছে বিভিন্ন আশ্রয় শিবিরে। এদিন কামারপুকুরে এমনই একটি ত্রাণশিবিরে যান মুখ্যমন্ত্রী। আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে কথা বলেন। তাঁদের পরিবেশন করে খাওয়ান।

লাগাতার বৃষ্টিতে গত দেড়মাস ধরে জলবন্দি ঘাটালের বিভিন্ন এলাকাও। আরামবাগ থেকে ঘাটালের দিকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে জলবন্দি মানুষদের সাথে দেখা করবেন তিনি। এরপরেই ঝাড়গ্রাম যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। এখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।

আরামবাগ, খানাকুল ছাড়াও পুরশুড়ার ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম ও মাঠঘাট জলমগ্ন। গোঘাটের ৩টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়েছে নতুন করে। তার ওপর নদীগুলিতে হুহু করে বাড়ছে জলস্তর।

About Post Author