সময় কলকাতা ডেস্ক:- পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৭১ জন যাত্রী, যাদের মধ্যে ১৭ জন শিশু। সোমবার রাতে ইরান থেকে ফেরত আসা আফগান শরণার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী নিহত হন।
হেরাত প্রাদেশিক পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত গতি ও চালকের অবহেলার জেরেই এই পরিণতি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে রাস্তার পাশে দাউদাউ করে জ্বলছে বাস। চারদিকে মানুষের চিত্কার। পথের পাশের মানুষজন হতভম্ব হয়ে গিয়েছেন। নিহতদের বেশিরভাগই ছিলেন ইরান থেকে ফেরত আসা শরণার্থী।
তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহতরা সবাই ইরান থেকে ফেরত আসা নাগরিক।
ইরান সম্প্রতি অনিবন্ধিত আফগান অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে। শুধু জুন মাস থেকেই প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান ইরান থেকে ফিরে এসেছে। ফেরত আসা এই বিপুল সংখ্যক মানুষকে পুনর্বাসন করা তালেবান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মৃত ব্যক্তিদের সনাক্ত করণের কাজ চলছে।


More Stories
আর্জেন্টিনার পরাজয়ের নেপথ্যে ফকল্যান্ড?
সিকিমে ধস ও গ্যাস লিকে মৃত ১১ জনের ৭ জন জলপাইগুড়ির
কোটি কোটি টাকার চুক্তি :কীভাবে ধোঁকা দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বোকা বানালেন ভারতীয় বংশোদ্ভুত ব্যবসায়ী গৌরব?