Home » স্বামীজির নামে টুর্নামেন্ট, নতুন প্রতিভা তুলে আনতে বিশেষ ভাবনা ক্রীড়া দপ্তরের

স্বামীজির নামে টুর্নামেন্ট, নতুন প্রতিভা তুলে আনতে বিশেষ ভাবনা ক্রীড়া দপ্তরের

স্বামী বিবেকানন্দের নামে ফুটবল টুর্নামেন্ট করবে রাজ্য সরকার।আইএফএ-এর সঙ্গে যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দর নামে জেলা ক্লাব প্রতিযোগিতা করতে চলেছে রাজ্য ক্রীড়া দপ্তর। জেলার ফুটবলার তুলে আনতে এই সিদ্ধান্ত, জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরের কলম্বাস হলে বিশ্বধর্ম মহাসভার ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। আগামী ১১ই সেপ্টেম্বর, ২০২৫ সেই ঐতিহাসিক ঘটনার ১৩৩ বছর। ওই একই সালে প্রতিষ্ঠিত হয় আইএফএ।

এই প্রতিযোগিতা শুরু হবে ১১ সেপ্টেম্বর। মোট ম্যাচ হবে ৩৯০টি। প্রতিযোগিতার শুভারম্ভ হবে স্বামীজীর তৈরি বেলুড় মঠের নিজস্ব মাঠে। যে জেলার খেলোয়ার সেই জেলাতেই খেলতে পারবে। ফাইনাল হবে মার্চ ২০২৬ এ।সর্বমোট পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা।প্রতিটি জেলার ৮ টি ক্লাব নিয়ে জেলাভিত্তিক প্রতিযোগিতা হবে। জেলা চ্যাম্পিয়নরা অন্য জেলা চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে। তারপরে নির্ধারিত হবে রাজ্যের চ্যাম্পিয়ন জেলা ও রাজ্যের রানার্স জেলা।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আই এফ এ)এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, আই এফ এ’র সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল সহ অন্যান্য আধিকারিকরা।

ক্রীড়ামন্ত্রী বলেন, “২৩টা জেলাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রতিটি জেলায় ৮টি করে ক্লাবকে নিয়ে জেলাভিত্তিক প্রতিযোগিতা হবে। স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিকাগো বক্তৃতার ১৩৩ বছরের স্মরণে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চলেছি। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ।”

এই টুর্নামেন্টের মাধ্যমে জেলা থেকে উঠে আসবে ফুটবল প্রতিভারা বলেও জানান মাননীয় মন্ত্রী। প্রসঙ্গত মাননীয় ক্রীড়া মন্ত্রী বরাবরই কলকাতা লিগের ক্লাবগুলিতে আরো বেশি করে ভূমিপুত্র খেলানোর বিষয়টি নিয়ে জোর দিয়েছেন তিনি।

 

About Post Author