মহিলা বিশ্বকাপের ম্যাচ সরে গেল চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে।নভি মুম্বাই এখন বিশ্বকাপে অংশগ্রহণকারী আটটি দলের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পাঁচটি ভেন্যুর মধ্যে একটি। প্রাথমিকভাবে বেঙ্গালুরুর পাঁচটি ম্যাচ আয়োজন করার কথা ছিল, যার মধ্যে রয়েছে ৩০ সেপ্টেম্বরের উদ্বোধনী ম্যাচ, একটি সেমিফাইনাল এবং সম্ভাব্য ফাইনাল। এখন ৩০ সেপ্টেম্বরের উদ্বোধনী ম্যাচ ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে।
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ছাড়াও ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ২৬ অক্টোবর ভারত-বাংলাদেশ, ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল এবং ২ নভেম্বর ফাইনাল (পাকিস্তান না উঠলে) হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। নতুন সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। গুয়াহাটিতে খেলা হবে সেই ম্যাচ। চিন্নাস্বামীর বাকি ম্যাচগুলি সরিয়ে দেওয়া হবে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে।
উল্লেখ্য, চলতি বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭।
কর্ণাটক সরকার ও বেঙ্গালুরু পুলিশের মনোভাবে স্পষ্ট, এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। ফলে আপাতত এই স্টেডিয়ামে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে না। মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ সরে যাওয়ার পর এখানে আগামী মরসুমের আইপিএল-এর কোনও ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। বেঙ্গালুরু পুলিশ অনুমতি না দিলে বিরাট কোহলিদের অন্য কোথাও হোম ম্যাচ খেলতে হবে।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে