Home » বিহারের ৩ লক্ষ ভোটার বাংলাদেশি বা নেপালি? নথির অসঙ্গতিতে নোটিস নির্বাচন কমিশনের!

বিহারের ৩ লক্ষ ভোটার বাংলাদেশি বা নেপালি? নথির অসঙ্গতিতে নোটিস নির্বাচন কমিশনের!

সময় কলকাতা ডেস্ক:- বিহারের এসআইআর বিতর্কে নয়া সংযোজন। বিহারে নাকি বিপুল সংখ্যায় বাস বাংলাদেশ, নেপাল, মায়ানমারের নাগরিকদের। অবৈধ ভাবে সে রাজ্যে বাস করছেন তাঁরা। এসআইআর প্রক্রিয়ায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

এবার বিতর্কের মাঝেই জানা গেল, যাঁদের নাম খসড়া ভোটার তালিকাতে রয়েছে তাঁরাও নিরাপদ নন। নথির গরমিল থাকায় খসড়া ভোটার তালিকায় নাম উঠেছে এমন ৩ লক্ষ ভোটারকে নোটিস পাঠাচ্ছে নির্বাচন কমিশন। আগামী সাতদিনের মধ্যে তাঁদের বৈধ নথি-সহ ইআরও-দের কাছে হাজিরা দিতে হবে।

সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়ার পর বিহারের ৯৮.২ শতাংশ ভোটারই ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। বাকি ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে কাটা গিয়েছে। কিন্তু যে ৭ কোটি ২৪ লক্ষ ভোটার ফর্ম জমা করেছেন, তাঁদেরও সকলের নথি সঠিক নয়। যাচাই করার সময় দেখা যাচ্ছে বহু নথিতে গরমিল রয়েছে। বা কেউ কেউ কোনও বৈধ নথিই জমা করেননি।

এই ধরনের ভোটারদের নোটিস পাঠানো হচ্ছে। আপাতত সংখ্যাটা ৩ লক্ষ। যা আরও বাড়তে পারে। ইআরও-রা নথি যাচাই প্রক্রিয়া শেষ করতে পারেননি। শেষ পর্যন্ত সংখ্যা অনেকটাই বাড়তে পারে। ওই ৩ লক্ষ ভোটারদের ৭ দিনের মধ্যে বৈধ নথি-সহ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরা না দিলে বা সন্তোষজনক নথি জমা দিতে না পারলে এই ভোটারদের নামও তালিকা থেকে কেটে দেওয়া হবে। আগামী বিধানসভা ভোটে এঁরা ভোট দিতে পারবেন না।

তাৎপর্যপূর্ণভাবে, এ পর্যন্ত যারা নোটিস পেয়েছেন, তাঁদের অধিকাংশই সীমাঞ্চলের বা সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া, মধুবনী, পশ্চিম চম্পারণ। এই এলাকাগুলির অধিকাংশ বাসিন্দাই সংখ্যালঘু। বিহারে এসআইআর-এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশনের হিসেব, এর মধ্যে ২২ লক্ষ মৃত। ৩৬ লক্ষ স্থানাস্তরিত অথবা ঠিকানায় পাওয়া যায়নি। ৭ লক্ষের নাম একাধিক জায়গায় ছিল।

তবে, বিরোধীদের যুক্তি, অনেক বৈধ ভোটারই রয়েছেন যাঁদের কাছে হয়তো কমিশনের চাওয়া নথি নেই। এর মধ্যে প্রায় দু’লক্ষ বাদ পড়া বিহারবাসী নিজেদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন।

এবার কমিশন পাল্টা আরও ৩ লক্ষকে নোটিস পাঠাচ্ছে। কমিশনের সন্দেহ এই বাসিন্দারা বাংলাদেশ ও নেপাল-সহ প্রতিবেশী দেশগুলির নাগরিক। এসআইআর প্রক্রিয়া চলাকালীন নথি যাচাইয়ে উঠে এসেছে এই তথ্যগুলি।

এমনকী বাড়িতে গিয়ে তথ্য যাচাইয়ের সময়েও মায়ানমার ও আফগানিস্তানের কিছু নাগরিকের কাছে ভারতীয় ভোটার কার্ড মিলেছে বলে দাবি।

এখনও চলছে নথি যাচাইয়ের কাজ। ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে। বিহারের ৭.২৪ কোটি ভোটারের মধ্যে ৯৯.১১ শতাংশের নথি যাচাইয়ের কাজ সম্পন্ন। ১ সেপ্টেম্বর পর্যন্ত ভোটারদের কাছে পরিচয় প্রমাণের সময় রয়েছে। এর জন্য কমিশনের নির্দিষ্ট করে দেওয়া ১১টি নথির মধ্যে যে কোনও একটি নথি জমা দিলেই চলবে। বৃহস্পতিবার পর্যন্ত খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার জন্য ভোটারদের কাছ থেকে মোট ১ লক্ষ ৯৫ হাজার ৮০২টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে কমিশন।

About Post Author