Home » মার্কিন শুল্কযুদ্ধের আবহে জাপান সফরে মোদি!

মার্কিন শুল্কযুদ্ধের আবহে জাপান সফরে মোদি!

সময় কলকাতা ডেস্ক:- মার্কিন শুল্কযুদ্ধের মাঝেই জাপান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরে একগুচ্ছ কর্মসূচি। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাত্, ১৫তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেওয়া সহ নজরে একাধিক কর্মসূচি। সাত বছর পর এটাই মোদির প্রথম একার জাপান সফর।

এই সফরের মূল লক্ষ্য কী?

প্রধানমন্ত্রী মোদি সফরের মূল বিষয় হিসেবে ভারত-জাপান স্পেশাল স্ট্র্যাটেজিক ও গ্লোবাল পার্টনারশিপ আরও মজবুত করার কথা তুলে ধরেছেন। অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে যৌথ উদ্যোগকে এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। যে দেশগুলির সঙ্গে ভারতের বৃহত্তর কৌশলগত অংশীদারি রয়েছে, জাপান তাদের মধ্যে অন্যতম।

সেই বোঝাপড়া আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মোদির এই সফরে। মার্কিন শুল্কযুদ্ধের আবহে মূলত বস্ত্র এবং রত্ন রপ্তানির জন্যই বিকল্প বাজারের খোঁজ করছে ভারতের বাণিজ্য মন্ত্রক। নতুন বাজারের সন্ধানে অন্তত ৪০টি দেশে নিজেদের পণ্যের ভাণ্ডার তুলে ধরতে চলেছে বাণিজ্য মন্ত্রক।

সেই তালিকায় রয়েছে ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, নেদারল্যান্ডসের মতো দেশগুলি। ফলে মোদির এই সফরে ভারত-জাপান দুই দেশের বাণিজ্যিক চুক্তিতে নতুন পথ খুলতে পারে।

এছাড়াও দুই দেশের বাণিজ্যের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হতে পারে মোদির এই সফরে।

সফর প্রসঙ্গেই প্রধানমন্ত্রী মোদি ‘এক্স’ প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেন, ভারত-জাপান দুই দেশ সহযোগিতাকে নতুন দিগন্তে নিয়ে যেতে, অর্থনৈতিক ও বিনিয়োগের সম্পর্ককে প্রসারিত করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টরসহ নতুন ও উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে সচেষ্ট থাকবে।

জাপান সফর শেষ করে প্রধানমন্ত্রী চিন যাবেন। ৩১ অগস্ট তিয়ানজিনে এসসিও সম্মেলনে যোগ দেবেন তিনি। এসসিও সামিটের ফাঁকে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে।

About Post Author