আবু ধাবিতে আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। বুধবার অভিযান শুরু করছে ভারত। দুবাইয়ে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি।তারপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই।
ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে চর্চা চলছে। সবথেকে বেশি আলোচনা উইকেটকিপিং পজিশন নিয়ে। মনে করা হচ্ছে সঞ্জু নয় জিতেশই প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন। অনুশীলনে শুরুতে একা একাই উইকেটকিপিংয়ের অনুশীলন করেন সঞ্জু। অত্যন্ত মনোযোগী দেখাচ্ছিল তাঁকে। ডান দিকে ঝাঁপিয়ে একটি ক্যাচ নেওয়ার জন্য সতীর্থদের প্রশংসাও পান।
এর পরেই কোচ গৌতম গম্ভীর সঞ্জুর দিকে এগিয়ে যান। প্রায় তিন মিনিট দু’জনের কথা হয়। উইকেটকিপিং নয়, সঞ্জুর ব্যাটিং নিয়েই কথা হয়েছে বলে বোঝা গিয়েছে।এশিয়া কাপে ব্যাটিং বিভাগে গভীরতা চাইছেন গম্ভীর। তাই সঞ্জুর থেকে এ ব্যাপারে এগিয়ে জিতেশ, যিনি আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ভাল খেলেছেন।
এশিয়া কাপেই কি শেষ সুযোগ পাবেন সূর্যকুমার যাদব? সহ-অধিনায়ক হিসেবে শুভমান গিলের আগমন নিয়ে অনেকেই সেরকম ভাবছেন। কিন্তু তার থেকেও বড় সমস্যা হল, সূর্যর পারফরম্যান্সও সাম্প্রতিক সময়ে প্রশ্নের মুখে। বিশেষ করে অধিনায়ক হওয়ার পর থেকেই সেটা আরও চোখে পড়ছে।
এশিয়া কাপের বল গড়ানোর আগে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল ইঙ্গিত দিলেন, প্রতিটি ম্যাচে শিবম দুবে চার ওভার করে বল করতে পারেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার বলেন, ”আমার মতে, শিবমের মতো একজনকে দলে রাখা গুরুত্বপূর্ণ যে চার ওভার বল করতে পারবে।” মর্কেলের এহেন মন্তব্যের পরে অনেকেই মনে করছেন এশিয়া কাপে শিবম দুবে চার ওভার হাত ঘোরাতে পারেন।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?