Home » জনতা উন্নয়ন পার্টি গড়ে চাইছেন কী হুমায়ুন কবীর?

জনতা উন্নয়ন পার্টি গড়ে চাইছেন কী হুমায়ুন কবীর?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৩ ডিসেম্বর : চাইছেন কী হুমায়ুন কবীর? বঙ্গে বাবরি মসজিদ গড়তে চলেছেন, জনতা উন্নয়ন পার্টি গড়েছেন, এখন থেকেই কত গুলি আসনে তিনি লড়বেন, কাদের সঙ্গে রাজনৈতিক আঁতাত গড়বেন তা নিয়ে একপেশে নীল নকশার কথা বলছেন। একসাথে তিনজন হুমায়ুন কবীরকে ভোট যুদ্ধে তাঁর দলের হয়ে লড়ার বক্তব্য দিচ্ছেন, প্রশাসনকে হুমকি দিচ্ছেন ভোটে নামার আগে থেকেই আর সংখ্যালঘুদের চাওয়া পাওয়ার কথা বলছেন। অন্যদিকে, একই মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দনা করছেন এবং তৃণমূলের পতন ঘটানোর কথা বলছেন। আবার, তিনি-ই একাধারে অভিষেক- শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ। আদতে চাইছেন কী তিনি?

তিনি যা যা বলছেন তাতে  কেউই তাঁর চোখে সম্পূর্ণ সঠিক নন। মমতা বন্দ্যোপাধ্যায় কে হুমায়ুন যোগ্য নেত্রী মনে করেন তবে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বদলে গিয়েছেন।  আবার অভিষেকের প্রতি তার নাকি সফট কর্ণার রয়েছে কারণ,  হুমায়ুন কবিরের চোখে অভিষেক “একটা ট্যালেন্টেড ছেলে। রাজনীতি করবে পারবেন। আগামী দিনে যোগ্য রাজনীতিক হয়ে ওঠার সম্ভবনা আছে। ”

তিনি তার ব্যক্তিগত অভিমত জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে  নিয়েও। হুমায়ুন বলেছেন, বিরোধী দলনেতা নাকি ” আদ্যোপান্ত একজন রাজনৈতিক ব্যক্তি। সাম্প্রদায়িক দলে গিয়ে দলের পক্ষে অনেক কিছু উল্টো-পাল্টা কথা বলছেন…কিন্তু একজন রাজনীতিক। রাজনৈতিক পরিবারের সদস্য। তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায় বা তাঁর সম্বন্ধে কোনও বাজে ধারণা আমার নেই।”

আবার, অধীর চৌধুরীর ফেসভ্যালুর কথা বলে তাকে আসন ছাড়তে চাইছেন। আবার একই সঙ্গে অধীর চৌধুরীকে অপরাধী তকমা দিতেও ছাড়ছেন না। এভাবে হুমায়ুন কবীর সবাইকে বিভ্রান্ত করছেন। তার বক্তব্য শুনলে মনে হবে তিনি নিজেই বিভ্রান্ত বা কনফিউজড। একেকবার  আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একেক রকম আসন সংখ্যার কথা বলছেন তিনি। পাশাপাশি, তাকে নিয়েও বিভ্রান্তি কম তৈরি করছে না অন্য রাজনৈতিক দলগুলি।

অধীর চৌধুরী বলেছেন,  “শুনলাম বাবরি মসজিদ হবে। সেখান থেকে বেরিয়ে পার্টি হচ্ছে। ভোট হবে। আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে।’’

শমীক ভট্টাচার্য সরাসরি বলেছেন, বকলমে তৃণমূলের হয়েই গৈরিক দলের ভোট কাটতে নেমেছেন হুমায়ুন। ঠিক একইভাবে অপর মেরু থেকে, তৃণমূলের কুণাল ঘোষ বলছেন,কেউ নিজেরা দল করছেন, নাকি ভোট ভাগ করে বিজেপিকে সাহায্য করার জন্য অনেকে দল করছেন বা কাউকে কাউকে দিয়ে দল করানো হচ্ছে।” অধীর চৌধুরীর একার গুলিয়ে যাচ্ছে না, গুলিয়ে যাচ্ছে অনেকেরই। আদতে হুমায়ুন কবীর গুলিয়ে দিতেই চাইছেন।

কেন গুলিয়ে দিতে চাইছেন হুমায়ুন -কারণ জনতা উন্নয়ন পার্টি বা বাবরি মসজিদ ঘিরে সংখ্যালঘু সেন্টিমেন্টের প্রসঙ্গ উঠে আসছে, তাঁর রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ সংখ্যালঘু সেন্টিমেন্টের সঙ্গে সম্পূর্ণ মেলে না। দীর্ঘদিনের রাজনৈতিক খেলোয়াড় হুমায়ুন কবীর খুব ভালো করেই জানেন একক বলে তাঁর বিশেষ কিছু করা অসম্ভব, বরং ভোটে ফ্যাক্টর হয়ে সেফ বা নিরাপদ একটি আসন দখল করাই তাঁর ব্যক্তিগত লক্ষ্য। তাই দু- জায়গায় লড়বেন তিনি। ঠিক যেভাবে প্রধানমন্ত্রিত্বের মুখ বা মুখ্যমন্ত্রী হওয়ার মুখ যারা তাঁরা বারবার লড়েছেন সেভাবেই দুটি আসনে লড়তে চাইছেন হুমায়ুন।বাবরি মসজিদ বা জনতা উন্নয়ন পার্টি এবং হুমায়ুনের পরস্পর বিরোধী রাজনৈতিক তত্ত্বকথায় তাই মূল প্রশ্ন ঢাকা পড়ছে না। তিনি আবার বিধায়ক হতে চান। এখানেই সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্কে পুষ্ট আসাদউদ্দিন ওয়াইসির মিম যেন হুমায়ুন কবিরের প্রকৃত স্বরূপ তুলে ধরতে সচেষ্ট। ২০২১ সালে বঙ্গের ভোটের সময় মিমের দায়িত্বে থাকা মুখপাত্র আসিম ওয়াকার মুখ খুলেছেন হুমায়ুন কবীরের বিরুদ্ধে। হুমায়ুন অশান্তির আবহ তৈরি করছেন, যা মিম চায়-না বা আসাদউদ্দিন চান-না জানিয়ে আসিম বলেছেন, হুমায়ুন কবীর আদতে শুভেন্দু অধিকারীর কোর কমিটির লোক। অর্থাৎ, মিম সুস্পষ্ট ভাবে মনে করছে, বিজেপির এবং অমিত শাহ -র হয়ে ভোটের ময়দানে নেমে পড়েছেন হুমায়ুন কোভিদ হুমায়ুন কবীর।

যদি মিমের বক্তব্যকে বেদবাক্য ধরা হয়, তাহলে নজরে আনতে হবে রাজ্যের ভোটের সংখ্যা তাত্ত্বিক সমীকরণ।তৃণমূল ও বিজেপির লোকসভায় ব্যবধান ছিল ৬১ লক্ষ। বিজেপির লক্ষ্য, এসআইআর ও হুমায়ুনের সাঁড়াশি আক্রমণে এই ব্যবধান মুছে ফেলা। প্রায় ১০০ টি কেন্দ্রে লড়ে অন্তত কুড়ি -পঁচিশ হাজার করে সংখ্যালঘু ভোট টানলেও হুমায়ুন অন্তত কবীর কুড়ি লক্ষ্ ভোট টানতে পারবেন এমন একটা অঙ্ক কষে এগোচ্ছেন। তৃণমূলের ভোট বাক্সের একটা বিশাল অংশ সংখ্যালঘু সম্প্রদায় এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেখানেই কী ফাটল ধরাতে চাইছেন “রাজনৈতিক পরিবারের সদস্য ” শুভেন্দুর ” কোর কমিটির সদস্য” হুমায়ুন কবীর ? নাকি ‘ভোট-কাটুয়া’ বাহুবলের প্রমাণ তৃণমূলকেই দিতে চান হুমায়ুন? নাকি উভয় পথই খোলা রাখছেন হুমায়ুন? সময় তার প্রমাণ দেবে।

চাইছেন কী হুমায়ুন কবীর #হুমায়ুনকবীর #জনতাউন্নয়নপার্টি

About Post Author