Home » সূর্যকে ছুঁলেন স্কটল্যান্ডের মানসজি

সূর্যকে ছুঁলেন স্কটল্যান্ডের মানসজি

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ৯ ফেব্রুয়ারি : ভারতের সূর্যকুমার যাদবকে ছুঁয়ে ফেললেন স্কটল্যান্ডের জর্জ মানসজি। ৩২ বছর বয়সী মানসজি ইতালির বিরুদ্ধে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ রান করে ফেললেন। সূর্যকুমার যাদব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪৯ বলে ৮৪ অপরাজিত করেছিলেন। মানসজি সোমবার ইতালির বিরুদ্ধে ৫৪ বলে ৮৪ করলেন। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন ১৯ রান। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচে ১০৩ রান করে তিনি এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী। বাঁ হাতি মানসজি-র ব্যাটে ভর করে ইতালির বিরুদ্ধে ৪ উইকেটে ২০৭ রান করে স্কটল্যান্ড। জবাবে ১৩৪ রানে অলআউট হয়ে যায় ইতালি। মানসজি অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেট এবং ইংল্যান্ডের কাউন্টিতে পরিচিত নাম। টি টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪১ বলে শতরান করছিলেন। একদিনের ম্যাচে ১৯১ রান করার নজিরও আছে তাঁর। একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক রান করা মানসজি-র এবারের বিশ্বকাপে যোগদান ছিল পড়ে পাওয়া। বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় যে সুযোগ এসেছে তা কতটা স্কটল্যান্ডের ক্রিকেটাররা কাজে লাগান সেটাই দেখার। ক্রিকেট অনুরাগীদের নজর কতটা কাড়তে পারেন জর্জ মানসজি তাও দেখার।।

About Post Author