দীপ সেন, সময় কলকাতা, ৩০ জুন : এবার ধুন্ধুমার বিক্ষোভ মধ্যমগ্রাম পুরসভায় । বারাসাত পুরসভার নজির দেখিয়ে দুর্নীতি এবং নাগরিক পরিষেবা দানে ব্যর্থতার অভিযোগে পদত্যাগ দাবি মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যানের। পুরসভার মধ্যেই বেলাগাম বিক্ষোভের মাঝে পদত্যাগের জন্য চেয়ারম্যানকে বেঁধে দেওয়া হল সময়সীমা।
মধ্যমগ্রামে বিপর্যস্ত নাগরিক পরিষেবার দাবিতে ও দুর্নীতির অভিযোগ তুলে চেয়ারম্যানের পদত্যাগের দাবি। অবিলম্বে পদত্যাগ না করলে সম্মানহানি করার হুমকি।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ৫০-১০০ জনের একটি দল মধ্যমগ্রাম পুরসভায় ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে, এদের সিংহভাগই এক দল মহিলা এবং তারা চেয়ারম্যান নিমাই ঘোষের কেবিনে দল বেঁধে ঢুকে পড়ে। বিক্ষোভ, বিশৃঙ্খলা, হই হট্টগোল শুরু হয়। বিক্ষোভকারীদের সম্মিলিত ক্ষোভ এবং স্লোগানে পুরপ্রধানের কার্যালয় কার্যত হাটের চেহারা নেয়। বিক্ষুব্ধরা কে কি বলছেন সুস্পষ্ট বোঝা না গেলেও উচ্চগ্রামে বলা হয়, বুধবারের মধ্যে পদত্যাগ না করলে ডিম -কাদা সবকিছুই নিক্ষিপ্ত হবে। ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহার প্রসঙ্গ তুলে বলা হয়, পুরসভার একাধিক কাউন্সিলর দুর্নীতিতে যুক্ত এবং মধ্যমগ্রামের সাধারণ মানুষ নাগরিক পরিষেবা পাচ্ছেন না। বারাসাত পুরসভার পদাঙ্ক অনুসরণ করে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ সময় কলকাতাকে জানিয়েছেন, বিক্ষোভকারীরা এমন সব অভিযোগ করেছে যার তার কোন অর্থ নেই এবং ভিত্তিহীন।।


More Stories
বারাসাত পুরসভায় অচলাবস্থা! নাগরিক পরিষেবার কী হবে? কী বলছেন নেতা ও জনপ্রতিনিধিরা?