সময় কলকাতা ডেস্ক, ২৬ সেপ্টেম্বর : কলকাতা ফুটবল লিগের ডার্বি এবং মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার নির্ণায়ক ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। আইএফএ শিল্ডের খেলাও ফিরল বারাসাত স্টেডিয়ামে। রবিবার দুপুর আড়াইটে থেকে আইএফএ শিল্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে বারাসাতে মুখোমুখি হচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমস ও আইএসএলের তারকা-খচিত টিম পাঞ্জাব এফসি। মোহনবাগান ইস্টবেঙ্গলের জল কাদার মাঠের চেয়ে বারাসাতের মাঠের অবস্থা অনেকাংশেই ভালো হওয়ায় আইএফএ বারাসাতে ম্যাচ অনুষ্ঠিত করতে কার্পণ্য করেনি। আই এফ এ সেক্রেটারি অনির্বাণ দত্ত ও বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জী বলেছিলেন, আইএফএ শিল্ডের খেলা বারাসাতে হবে। হলও তাই।
দশ বছর আগেও বারাসাতে জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল আইএফএ শিল্ড।২০১৬ সালে আইএফএ শিল্ডে বারাসাতের মাঠে খেলতে দেখা গিয়েছিল ক্রিস্টাল প্যালেসের যুবদলকে। অ্যারন বিসাকা যিনি পরবর্তীকালে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা হয়ে ওঠেন এবং ২০২৬ বিশ্বকাপে ডি আর কঙ্গোর হয়ে প্রতিনিধিত্ব করেন- তিনিও খেলে গিয়েছেন বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে । আবার দশ বছর পরে স্বমহিমায় বারাসাত স্টেডিয়ামে ফিরছে আইএফএ শিল্ড। মহামেডান লিগে রেফারিংয়ের প্রতিবাদে আইএফএ শিল্ড থেকে সরে যাওয়ায় কাস্টমস দল সুযোগ পেয়েছে এই টুর্নামেন্টে। গ্রুপের প্রথম ম্যাচের তারা ইস্টবেঙ্গলের কাছে ১-৩ গোলে হেরে গেলেও বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। রিকি ঘরামিদের খেলা দর্শকদের এবং বিপক্ষের সমর্থকদেরও তারিফ কুড়িয়েছে। বিজয় ভার্গিসের মতো রক্ষণভাগের খেলোয়াড়রা ভারতীয় দলের শিবিরে। তবে ইতিমধ্যেই পাঞ্জাবে যোগ দিয়েছেন নতুন বিদেশীরা। গত বছর আইএসএলে পাঞ্জাবের হয়ে নজর কাড়া বিদেশী খেলোয়াড়রা অনেকেই এবার যোগ দিয়েছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলে। এখন দেখার বারাসাতের মসৃণ ঘাসের মাঠে শক্তিশালী পাঞ্জাবের বিরুদ্ধে কতটা লড়াই দেয় কাস্টমস ।
অন্য গ্রুপ থেকে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেড। মোহনবাগান শ্রীনিধিকে হারায় ৬-০ গোলের ব্যবধানে, নর্থইস্ট তাদের প্রথম ম্যাচে শ্রীনিধিকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সেমিফাইনালের ছাড়পত্র পেতে হলে কাস্টমসকে পাঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট আনতেই হবে।


More Stories
দত্তপুকুরের দম্পতির আত্ম*ঘাতী হওয়ার কারণ কী?
জ্ঞানেশ কুমারের গ্রেফতার ও পদত্যাগ চেয়ে বারাসাতে জাতীয় সড়ক অবরোধ
ফুটবলে সাফল্য ভারতের : পানামার কোচের পরামর্শ