Home » প্রধান শিক্ষিকাকে কানধরে উঠবোস তৃণমূল নেতার : শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে আলোড়ন

প্রধান শিক্ষিকাকে কানধরে উঠবোস তৃণমূল নেতার : শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে আলোড়ন

সানী রায়, সময় কলকাতা, ১১ নভেম্বর : প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস? তৃণমূল নেতার হুকুম মেনে কান ধরে উঠবোস করছেন জলপাইগুড়ির একটি নামজাদা স্কুলের প্রধান শিক্ষিকা? প্রতিষ্ঠানের মধ্যেই  তৃণমূল নেতা উঠবোস করাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষিকাকে তাও কান ধরে? শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে শোরগোল পড়ে গেছে জলপাইগুড়ি শহরে। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেল ও ফেসবুকে যে পোস্ট করেছেন তা জলপাইগুড়ি ছাড়িয়ে বিরাট প্রভাব ফেলেছে ও স্বাভাবিকভাবেই বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছে। যদিও শুভেন্দু অধিকারীর ফেসবুক বা এক্স হ্যান্ডেলে পোস্ট করা ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করেনি  সময় কলকাতা।

হাইস্কুলের প্রধান শিক্ষিকাকে কান ধরে ওঠবস করাচ্ছেন তৃণমূল নেতা তথা পুরসভার ভাবী পুরপ্রধান । এহেন ছবি সহ এক্স হ্যাণ্ডেলে এবং ফেসবুকে  দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, সিসিটিভি ফুটেজের এই ভিডিওটি জলপাইগুড়ির নামী সরকারি স্কুল সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের । সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস কান ধরে উঠছেন, বসছেন। ভিডিওতে সোয়েটার পরিহিত যে তৃণমূল নেতাকে চেয়ারে বসে নির্দেশ দিতে দেখা যাচ্ছে তিনি জলপাইগুড়ি পুরসভার  পুরপ্রধান ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৈকত চট্টোপাধ্যায় বলে দাবি। তিনি ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি। একই ফুটেজে দেখা যাচ্ছে স্কুলের সহকারী শিক্ষিকা অরুনিমা মিত্র বসে রয়েছেন চেয়ারে।

সোমবার সন্ধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি পোস্ট করতেই তুমুল হইচই পড়ে যায়। দলনেতার অভিযোগ, এটাই তৃণমূলের সংস্কৃতি। মহিলাদের অপমান করা একজন নাগরিকের পুরসভার পুরপ্রধানের দায়িত্ব পাওয়া নিয়েও সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছেন শুভেন্দু ।

যাঁদের নিয়ে এত কাণ্ড সেই তৃণমূল নেতা একাধারে বলেছেন, বাম নেত্রী ও প্রধানশিক্ষিকা সুতপা দাসের কথা স্কুলের শিক্ষিকারা কেউ মানে না এবং তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ।আবার সৈকত চ্যাটার্জী এও বলেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হয়েছে। ভিডিও যদি AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর  হয় তবে কেন সুতপা দাসের কর্মদক্ষতা বা স্বচ্ছতা নেই নিয়ে অভিযোগ তুলেও ভিডিওটিকে মেধাহীন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বোঝাতে হচ্ছে? অন্যদিকে, সুতপা দাস আবার বলছেন  এটা  সিসিটিভি ফুটেজ এবং  চারদিকে ভয়ের পরিবেশ। তিনি আইনি পথে যাওয়ার কথা ভাবছেন তিনি যদিও কারো কাছে কোন সহযোগিতা পাচ্ছেন না বলে জানিয়েছেন।।

( ভিডিওর সত্যতা সময় কলকাতা যাচাই করেনি )

About Post Author