সময় কলকাতা ডেস্ক, ২৪ জানুয়ারি : শুক্রবার রায়পুরে দুজনের ব্যাটে ঝড়। বিধ্বংসী সূর্য -ঈশান বোঝালেন তাঁরা কী করতে পারেন। তাঁদের দাপটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় এল ৭ উইকেটে। ৫ ম্যাচের সিরিজে ভারতে এগিয়ে গেল ২-০ ব্যবধানে। অথচ এই ম্যাচের আগে ঈশান কিষাণ বা সূর্য কুমারের অবস্থা খুব ভালো ছিল না। নবজন্মের দিনে তাঁরা বেশ কিছু সত্য সামনে আনলেন, ভারতকে দিলেন ভরসা।
ঈশান কিষান। বলা হয় তাঁর সঙ্গে ক্রিকেট কন্ট্রোল বোর্ড যথেষ্ট ন্যায়বিচার করে নি। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে ডবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে উইকেট কিপার ব্যাটারের। ফর্মের জন্য নয়, বোর্ডের সঙ্গে সংঘাতেই তাঁকে দল থেকে বাদ পড়তে হয়েছিল। তবুও সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তাঁর দাপট উপেক্ষা করা সম্ভব ছিল না। বিজয় হাজারে টফিতে এবার ঝাড়খন্ডের অধিনায়ক হিসাবে তিনি ২০০-৩০০ স্ট্রাইক রেটে রান করেছেন। ২৪ বা ২৫ সালে তিনি ভারতীয় দলেই ছিলেন না। দু’বছর কয়েকটা মাস লেগেছে ফিরতে। রায়পুরে শুক্রবার ছিল প্রমাণের দিন। ৩২ বলে ঝোড়ো ৭৬ করে তিনি বোঝালেন তিনি এবার আরও তৈরি হয়ে ফিরেছেন।তিনি ঈশান প্রণব কুমার পান্ডে। সফল প্রত্যাবর্তন।
ঈশান কিষানকে ফেরাতে একজনকেই সরব হতে দেখা গিয়েছে। তিনি টি-টোয়েন্টি ভারতীয় দলের অধিনায়ক ও একদা মুম্বাই ইন্ডিয়ান্স দলের সতীর্থ সূর্য কুমার যাদব।কিন্তু তাঁর হালে নিজের অবস্থাই ভালো ছিল না। দীর্ঘ সময় টি-টোয়েন্টিতে বিশ্বে শীর্ষস্থান ধরে রাখা সূর্য ২০২৫ সালে একটি অর্ধশতরানও পান নি। একটা সময় মনে হয়েছিল, দল থেকেই বাদ না পড়ে যান টি-টোয়েন্টি ভারত অধিনায়ক । তবুও ভারতীয় ম্যানেজমেন্ট তার উপর ভরসা রেখেছিল। তাঁর ব্যাটিং দক্ষতাই ছিল নেপথ্যের কারণ। অফ ফর্মে যতই থাকুন তিনি তাঁর দিনে কী করতে পারেন সেটাও জানা ছিল। রায়পুরের স্বমহিমায় ফিরে ২৩ ইনিংস বাদে অর্ধশতরান করলেন সূর্য। ৩৭ বলে অপরাজিত ৮২ রানে। ঈশান কিষাণ- সূর্য কুমার যাদব মিলে এবং শিবম দুবের ক্যামিও। সবমিলিয়ে নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের টার্গেট ও অবলীলায় ২৮ বল বাকি থাকতেই অতিক্রম করল ভারত। দুটি চিন্তা দূর হল – প্রথমত, অভিষেক দ্রুত আউট হলেও সফল রান চেস হওয়া সম্ভব। দ্বিতীয়ত, আহত তিলক বর্মার জায়গা আপাতত ভরাট করার জন্য ঈশান আছেন। সূর্য -ঈশান বোঝালেন তাঁদের দিনে ২০৯ কেন, আড়াইশো রানও তাড়া করে জেতা সম্ভব। রায়পুরে নিউজিল্যান্ডের শক্তিশালী বোলিং লাইন আপকে ক্লাবস্তরে নামিয়ে এনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভরসা জোগালেন বিধ্বংসী সূর্য -ঈশান।


More Stories
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
মহামেডানকে ৭ গোল দিল ইস্টবেঙ্গল
ভারতীয় বংশোদ্ভুত স্পিনার বাহিনী দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরালো