সময় কলকাতা ডেস্ক, ১১ ফেব্রুয়ারি : যে ক্রিকেট-অনুরাগীরা এই ম্যাচ দেখেন নি, তাঁরা ভাবতেও পারবেন না তাঁরা কী হারালেন!একটি নয়, টানা দুটি সুপার ওভার। ৪৪ ওভারের ম্যাচে শেষ বল পর্যন্ত ম্যাচ পেন্ডুলামের মত দুদিকে দুলেছে, কে জিতবে বোঝা যায় নি। অভিজ্ঞতা এবং টেম্পারমেন্ট দিয়ে শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকা। অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী থাকলো আমেদাবাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্ৰুপ-ডি-র রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় সুপার ওভারের শেষ বলে নতিস্বীকার করল আফগানিস্তান। গুরবাজ, রশিদ ও নূর প্রানপন চেষ্টা করেছিলেন, গুরবাজ ৪২ বলে ৮৪ করার পরে, দ্বিতীয় সুপার ওভারে যখন তিনি ব্যাট করতে নামেন তখন চার বলে চব্বিশ রান দরকার। কেশব মহারাজের বলে টানটান উত্তেজনার মধ্যে টানা তিনটে ছয় মারলেও শেষ বলে গুরবাজ আউট হয়ে যাওয়ায় হেরে যায় আফগানিস্তান অথচ নির্ধারিত কুড়ি ওভারে ম্যাচ জিতে যাওয়ার কথা তাদের। ১৮৮ রানে টার্গেট প্রায় তুলে ফেলেছিলেন রশিদ ও নূর। নূরের নেওয়া স্ট্রোকে দু রানের কলে ফারুকির দৌড়ে দ্বিতীয় রান সম্পূর্ণ করার ব্যর্থতা ডুবিয়ে দেয় তাদের। তখনও দুটি বল বাকি, অলআউট হয়ে যায় আফগানিস্তান। এরপরেও সুযোগ ছিল তাদের। প্রথম সুপার ওভারে ১৭ রান তুলে নেয় তারা। আরেকবার ডোবান ফারুকি। দক্ষিণ আফ্রিকার শেষ বলে সাত দরকার ছিল, ফারুকি ফুলটস বল করায় স্টাবস সেটিতে ওভার বাউন্ডারি মারায় খেলা দ্বিতীয় সুপার ওভারে গড়ায়। দ্বিতীয় সুপার ওভারে আজমতের বলে ভয়ঙ্কর হয়ে ওঠেন স্টাবস- মিলার। ২৪ রানের টার্গেট নিয়ে পাল্টা ব্যাট করতে নেমে দ্বিতীয় বলে নবী কোনো রান না করেন। মরিয়া চেষ্টা করেছিলেন গুরবাজ, কিন্ত দিন আফগানিস্তানের ছিল না। কৌশলগত ত্রুটিতে তারা এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে হেরে কার্যত বিদায়ের মুখে। ।।
More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর