Home » কারাবাসভোগীদের ১০০০০ টাকা ভাতা চালু করল বিজেপি সরকার

কারাবাসভোগীদের ১০০০০ টাকা ভাতা চালু করল বিজেপি সরকার

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২২ জুন : নতুন সরকার রাজ্যের নতুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবার যে বাজেট পেশ করেছেন সেখানে নতুন সরকারের বাজেটে বেশ কতগুলি চমক রয়েছে। এই চমক গুলির অন্যতম কারাবাসভোগীদের ১০ হাজার টাকা করে ভাতা। প্রসঙ্গত,  এই কারাবাসভোগীরা মোটেই স্বাধীনতা সংগ্রামী নন।  স্বাধীনতা সংগ্রামীদের জন্য সুনির্দিষ্ট ভাতা রয়েছে। এরকম অবস্থায় অনেকের কাছেই স্পষ্ট নয় এই দশ হাজার টাকা করে ভাতা কেন!  অনেকেই ভাবতে পারেন তাহলে কি যেকোনো জেল খাটা আসামিকে কি দশ হাজার টাকা ভাতা দেওয়া হবে!  বিষয়টি একেবারেই তা নয়। এই ভাতাটি যে কোনো জেল খাটা বা দাগি আসামির জন্য প্রযোজ্য নয়। এই ভাতাটি রাজনৈতিক কারণে ভুক্তভোগী রাজনৈতিক বন্দিদের জন্য প্রযোজ্য। জরুরি অবস্থায় বা মিথ্যে মামলায় যেসব রাজনৈতিক কর্মীদের বন্দি করা হয়েছিল তাদের জন্য এই ভাতা। এই ভাতা অতীতেও বাম আমলেও চালু ছিল। তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় এসে এই ভাতা বন্ধ করে দেয়। এখনো বেশ কয়েকটি রাজ্যে এই ভাতা চালু আছে চালু আছে। বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই ভাতাকে পলিটিক্যাল সাফারারস পেনশন বলেই অভিহিত করা হয়।ভারতের ১২টি রাজ্যে (ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান, এবং মহারাষ্ট্র প্রভৃতি ) ১৯৭৫ সালে জরুরি অবস্থার (Emergency) সময় কারাবন্দী হওয়া ব্যক্তিদের জন্য মাসিক ভাতা ও অন্যান্য সুবিধা চালু রয়েছে। যে রাজনৈতিক কর্মী বা ব্যক্তি ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে জরুরি অবস্থার সময় কারাগারে বন্দী ছিলেন (MISA বা DIR আইনে), তাঁদের জন্য বিভিন্ন রাজ্যে মাসিক ভাতার নিয়ম রয়েছে।ওড়িশায় এই ধরনের ব্যক্তিদের প্রতি মাসে ২০, ০০০ টাকা ভাতা দেওয়ার কথা বলা হয়েছে এবং বিনামূল্যে চিকিৎসা ও যান-পরিষেবা দেওয়া হয়।  রাজস্থান, ছত্তিশগড়, এবং মহারাষ্ট্রেও অনুরূপ পেনশন প্রকল্প চালু রয়েছে।

অতীতে পশ্চিমবঙ্গে কারাবাসকারীদের জন্য বিভিন্ন ভাতা চালু ছিল। তবে এটি সাধারণ বন্দিদের জন্য ছিল না, মূলত রাজনৈতিক কারণে কারাবরণকারীদের জন্যই এই ব্যবস্থা ছিল।পশ্চিমবঙ্গে অতীতে যেসব ভাতা চালু ছিল তারমধ্যে উল্লেখযোগ্য ছিল রাজনৈতিক বন্দি ভাতা (Post-Independence Political Sufferers Pension Scheme)। ১৯৮৮ সালে বামফ্রন্ট সরকারের আমলে এই পেনশন স্কিমটি চালু হয়েছিল। পরবর্তীকালে তৃণমূল সরকার এই ভাতা বন্ধ করে দিলে তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হয়। বিজেপি রাজনৈতিক কারণে এবং মিথ্যে মামলায় অথবা জরুরি অবস্থায় কারাবাসভোগীদের জন্য ১০ হাজার টাকা করে ভাতা ঘোষণা করল।।

 

About Post Author