Home » বারাসাত-মধ্যমগ্রামে টোটো চলাচলে নিষেধাজ্ঞা ! জেনে নিন কোন কোন রাস্তায় টোটো বন্ধ !

বারাসাত-মধ্যমগ্রামে টোটো চলাচলে নিষেধাজ্ঞা ! জেনে নিন কোন কোন রাস্তায় টোটো বন্ধ !

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ১ জুলাই : হাইকোর্টের নির্দেশ কার্যকর করে  জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, জাতীয় এবং রাজ্য সড়কে টোটো বন্ধ করার কথা ছিল। তবুও বিগত রাজ্য সরকারের আমলে বারাসাত ও মধ্যমগ্রামে সেই নির্দেশ বলবৎ হয়নি। হালে এই বিষয়ে উদ্যোগী  প্রশাসন, জেলা পুলিশ এবং  ট্রাফিক পুলিশের  তরফে সেই নির্দেশ দ্রুত কার্যকর করা হচ্ছে। অবিলম্বে বন্ধ হচ্ছে জাতীয় রাজ্য সড়কের ওপর দিয়ে টোটো চলাচল। মধ্যমগ্রামে এবং বারাসাতে টোটো চলাচলে নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত কী জানা গিয়েছে?

বারাসাত এবং মধ্যমগ্রাম শহরে টোটোর সংখ্যা বেলাগামভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। কেবলমাত্র বারাসত শহরে ১০ হাজারের বেশি টোটো চলাচল করে যার মধ্যে পুরসভার অনুমোদন (টিন বা টেম্পোরারি আইডেন্টিফিকেশন নাম্বার সহ ) টোটো রয়েছে সাড়ে তিন হাজার। সেদিক দিয়ে ধরলে অনুমোদনবিহীন  টোটোর রমরমা।  আগামী কয়েকদিনের মধ্যেই সাময়িক অনুমোদন প্রাপ্ত এবং অনুমোদনহীন সমস্ত টোটোকে জাতীয় সড়ক ও রাজ্য সড়কের উপর দিয়ে চলাচল বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হবে। বৈঠকে ঠিক কী স্থির রয়েছে ঠিক কবে কার্যকর হবে এই নির্দেশ? কোন কোন রাস্তায় বলবৎ হতে চলেছে এই সিদ্ধান্ত?

উল্লেখ্য, মঙ্গলবার জেলা শাসকের দফতরে টোটো বন্ধ করার বিষয়টি নিয়ে  উচ্চ পর্যায়ের বৈঠক হয় যেখানে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক, এসডিও, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার )।  ডিএসপি ট্র্যাফিকের উপস্থিত  ছিলেন। বারাসত পুলিশ জেলার ডিএসপি ট্র্যাফিক নীহার রঞ্জন রায় বলেন, ‘ বিষয়টি নতুন কিছু নয় এবং এই নিয়ম শুধুমাত্র বারাসাত নয় সার্বিকভাবেই প্রযোজ্য, অবিলম্বে জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ মাথায় রেখে বারাসত এবং মধ্যমগ্রাম শহরে এই নিয়ম  কার্যকর করা হবে এবং আগামী দিনে গোটা জেলাতেই করা হবে।’ নীহার রঞ্জন রায় এই নীতি বলবৎ করার ডেডলাইন স্পষ্ট না করলেও বলেছেন, চেষ্টা করা হবে আগামী সপ্তাহের মধ্যে যেন এই নিয়ম কার্যকর করা যায়, তবে বিষয়টি কার্যকর করার পরে কার্যকারিতা সম্পর্কিত পরিস্থিতির দিকেও নজর রাখা হবে।

প্রসঙ্গত, ডিএসপি ট্রাফিক নীহার রঞ্জন রায়  এও জানিয়েছেন যে হাফপ্যান্ট বা লুঙ্গি পরে টোটো অটো চালানোর ব্যাপারে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে  কোন নিষেধাজ্ঞা বলবৎ হয়নি। বিষয়টি অশোভন লাগায়, দায়িত্বে থাকা ট্রাফিক ওসি দৃশ্য দূষণের কারণে কেবলমাত্র ক্ষেত্র বিশেষে শালীনতা রক্ষার জন্য তাৎক্ষণিকভাবে এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। ডিএসপি ট্রাফিক জানিয়েছেন, জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচলের বিষয়ে কেবলমাত্র নিষেধাজ্ঞা।

কোন কোন জাতীয় এবং রাজ্য সড়কের ওপরে এই নীতি প্রযুক্ত হতে চলেছে? কোন রাস্তায় চলাচল করতে পারবে টোটো? পুলিশকর্তার বক্তব্য থেকে স্পষ্ট, পুলিশ সবদিকে নজর রেখেই দ্রুত বিশেষ রাস্তা (রাজ্য এবং জাতীয় সড়ক )গুলিতে টোটোর চলাচলের ওপরে নিষেধাজ্ঞা জনিত নীতিটি বলবৎ করতে চাইছে তবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে চলেছে।উল্লেখ্য বারাসাত  শহরের উপরে রয়েছে দুটি জাতীয় সড়ক এবং একটি রাজ্য সড়ক। NH 112 ( আগের 35 নম্বর ) NH 12(আগের 34 নম্বর ) -এই দুটি জাতীয় সড়ক এবং পশ্চিমবঙ্গ গণপূর্ত দপ্তরের আওতায় থাকা ২ নম্বর রাজ্য সড়কের যান চলাচল  সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যেতে চলেছে। সেক্ষেত্রে টাকি রোড বা বারাসাত ব্যারাকপুর রোডের উপর দিয়ে টোটো পরিষেবা থাকছে না। অন্যদিকে যশোর রোড থেকে যে রাস্তাটি সরাসরি উত্তরবঙ্গের দিকে চলে গিয়েছে, অর্থাৎ ১২ নম্বর জাতীয় সড়ক এবং পেট্রাপোল সীমান্ত গামী  ১১২ নম্বর জাতীয় সড়কে অদৃশ্য হয়ে যাবে টোটো চলাচল। এককথায়,  হাইকোর্টের নির্দেশ মেনে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী,একদিকে মধ্যমগ্রাম থেকে ভায়া আমডাঙা অথবা ভায়া বামনগাছি জাতীয় সড়ক দুটি টোটো শূন্য হয়ে যেতে চলেছে তেমনই বারাসাত -মধ্যমগ্রাম থেকে বসিরহাট গামী বা ব্যারাকপুরগামী রাস্তাতেও টোটো চলাচল নিষিদ্ধ হতে চলেছে  এই রাস্তা গুলিতে সপ্তাহখানেকের মধ্যেই টোটো দেখা যাবে না। টোটোগুলির চলাচল সীমিত থাকবে কেবলমাত্র শহর -মফস্বল অঞ্চলের গলি পথ বা শহরের সার্কুলার রোড বরাবর।।

বারাসাতে টোটো চলাচলে নিষেধাজ্ঞা #বারাসাত

About Post Author