Home » মল্লিকঘাটের পর এবার হাওড়াতেও নতুন ফুল বাজার হবে কতটা সুবিধা হবে বিক্রেতাদের !

মল্লিকঘাটের পর এবার হাওড়াতেও নতুন ফুল বাজার হবে কতটা সুবিধা হবে বিক্রেতাদের !

সময় কলকাতা : মল্লিকঘাট ফুলবাজারের পর হাওড়াতেও চালু হতে চলেছে নতুন ফুল বাজার। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ট্রান্সমিসন কর্পোরেশনের উদ্যোগে হাওড়ার বুকে চালু হতে  চলেছে এই ফুল বাজার। হাওড়ার বার্ন স্টান্ডার্ডের উল্টো পাড়ে হাওড়া পুর নিগমের নিজস্ব জায়গায় এই মার্কেট চালু হওয়ার কথা জানান নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। প্রায় একশোর বেশি স্টল তৈরি হওয়ার পাশাপাশি ফুল চাষিদের উৎপাদিত ফুলের জন্য থাকছে বিশেষ কোল্ড স্টোরেজের ব্যবস্থা । নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী আরো জানান এই বাজার তৈরি করতে পৌর নিগমকে কোনো খরচ করতে হচ্ছে না। গোটা পরিকল্পনার অর্থ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ট্রান্সমিসন কর্পোরেশনের সিএসআর ফান্ড থেকেই আসবে। প্রকল্পের খরচা বাবদ অগ্রিম এক কোটি উনষাট লক্ষ টাকা দিয়েছে রাজ্য বিদ্যুৎ ট্রান্সমিশন কর্পোরেশনে কর্তৃপক্ষ। বাকি দু তিনমাসের মধ্যে বাকি তিন কোটি টাকা ওই সংস্থা দেবে বলে জানান তিনি। মোট তিনটি কিস্তি মারফৎ এই অর্থ প্রদান করা হবে বলে জানান নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। মুখ্য প্রশাসকের আরও দাবি আগামী দিনে ফুল মার্কেট থেকে নিগমের ভালো রাজস্ব আদায় হবে ।ইতিমধ্যেই প্রকল্পকে ঘিরে ফুল ব্যবসায়ীদের থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। পাশাপাশি শুকিয়ে যাওয়া ফুল থেকে ভেষজ রং তৈরির পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও চাষিরা যাতে বাজারে ফুল এনে নির্দিষ্ট তাপমাত্রায় ফুল সংরক্ষিত রাখতে পারে তার জন্য নির্দিষ্ট স্টোরেজের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। এখানে রাজ্য সরকারের হর্টি কালচার বিভাগের উদ্যোগে ফুল, বিভিন্ন ধরণের বীজ, সারও পাওয়া যাবে বলে সূত্রের খবর।

About Post Author