Home » দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণ, বিহারে নিয়ে গিয়ে নকল বিয়ের ষড়যন্ত্র

দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণ, বিহারে নিয়ে গিয়ে নকল বিয়ের ষড়যন্ত্র

সময় কলকাতা ডেস্কঃ দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ। পুলিশের তৎপরতায় গ্রেপ্তার অপহরণের সঙ্গে যুক্ত চার যুবক। উদ্ধার ছাত্রী। হরিশ্চন্দ্রপুরের সদলিচক এলাকায় দশম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে চারজন যুবক। তারপর বিয়ে দেওয়ার উদ্দেশে ওই নাবালিকা ছাত্রীকে বিহারের কাঠিহারের আমদাবাদ এলাকায় নিয়ে যায় চার যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।পুলিশ সূত্রে খবর, ধৃতদের গ্রেপ্তারের জন্য হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর গিয়াসউদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশ বাহিনী এবং সিভিক ভলেন্টিয়াররা কাঠিহার জেলার আমদাবাদ এলাকায় যায়। হাতে-নাতে অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ। দুই জন অভিযুক্ত বাঁচার জন্য জলে ঝাঁপ দেয়। অভিযুক্তদের ধরতে সিভিক ভলান্টিয়াররা জলে ঝাঁপ দিয়ে তাদের ধরে ফেলে। ধৃত চার যুবকের নাম আকবর আলি(২৫), গুলজার (১৯), চিরণ পাশওয়ান(২১) এবং মনোজ দাস (১৯)।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে চারজন যুবক অপহরণ করে বিহারের কাঠিহার জেলার আমদাবাদ এলাকায় নিয়ে গিয়েছিল। খবর পেয়ে সেই এলাকা থেকে চারজন যুবক সহ ওই নাবালিকা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ধৃতদের শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। নাবালিকা ছাত্রীকে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। ধৃতদের সঙ্গে আরও বড় কোন চক্রের যোগ আগে কিনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এলাকা জুড়ে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।

 

About Post Author