Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: এবার গরম থেকে মিলবে স্বস্তি। বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতার আকাশ। বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার পরিমাণ। আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৫° সেলসিয়াস এবং ২৭°সেলসিয়াসের মধ্যে থাকবে।আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭° সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং-এ হতে পারে মাঝারি বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই থাকবে।

অন্যদিকে, শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়বে বঙ্গবাসী। বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও৷ দুপুরের দিকে রোদের তাপমাত্রা বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে তবে সকাল এবং রাতের দিকে আরামদায়ক আবহাওয়া থাকবে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখার অবস্থানে পরিবর্তন হয়েছে । ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। যার জেরেই তৈরি হয়েছে এই বৃষ্টির সম্ভাবনা।

About Post Author