Home » অব্যাহত বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধার, গ্রেপ্তার দুষ্কৃতিও,কিন্তু যাদের জন্যে এত কাণ্ড তাদের কে ধরবে ?

অব্যাহত বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধার, গ্রেপ্তার দুষ্কৃতিও,কিন্তু যাদের জন্যে এত কাণ্ড তাদের কে ধরবে ?

সময় কলকাতা ডেস্কঃ বগটুই হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় চলছে পুলিশি অভিযান। বেআইনি আগ্নেয়াস্ত্র, বোমা, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করছে পুলিশ। দিনরাত জোরকদমে নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ সক্রিয় হতেই রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র। তারই ফলস্বরূপ আগ্নেয়াস্ত্র উদ্ধার হল মালদহে। এক পাচারকারীকে পাকড়াও করে ইংরেজ বাজার থানার পুলিশ। রবিবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে, ইংরেজ বাজার থানার পুলিশ কাটাগর থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দুটি পাইপগান ও দুই রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মশিউর মমিন। বয়স ২৬ বছর। তার বাড়ি কালিয়াচকের কালিকাপুর ঠাকুরপাড়া এলাকায়। ধৃত মশিউর মমিন অস্ত্র দুটি বিক্রি করার উদ্দেশে এলাকায় জড়ো হয়েছিল। পাশাপাশি মালদহের মোহনা এলাকায় আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম বানছু বসাক। কালিন্দ্রি এলাকার বাসিন্দা। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি। রবিবার রাতে মোহনা এলাকায় ওই ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই গ্রেপ্তার করে নিয়ে আসা হয় থানায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতিমূলক কাজের উদ্দেশে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এই ব্যক্তি।  পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।অন্যদিকে রবিবার গভীর রাতে জীবনতলা থানার অন্তর্গত সুরিরাইট বর্গাপাড়ায় মোটরবাইক আটকে নাকা তল্লাশি করতেই উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র এবং তিনটি কার্তুজ। জীবনতলা থানার পুলিশ মোটরবাইক সহ দুই আরোহীকে আটক করে থানায় নিয়ে আসে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ দেওয়ার পরেই নজরদারি বাড়ায় লাভপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, লাভপুর থানার অন্তর্গত সাউ গ্রামে তল্লাশি চালানোর সময় তাজা বোমা দেখতে পায়। পুলিশ সূত্রে খবর, দুটি ড্রামের মধ্যে বোমাগুলি এলাকার নদীরপাড়ে মজুত ছিল। আনুমানিক ১১০টি বোমা ছিল সেখানে। পুলিশের উপস্থিতিতে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।

About Post Author