সময় কলকাতা ডেস্কঃ গত একমাস ধরে লাগাতার জ্বালানীর মূল্যবৃদ্ধির কারণে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।এই আবহে রাজ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ৭ এপ্রিল নবান্নে একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই বৈঠকে উপস্থিত ছিলেন টাস্ক ফোর্সের প্রতিনিধি ও কলকাতা পুরসংস্থার বাজার কমিটির সদস্যরা।এদিনের এই বৈঠকে কলকাতা পুরসংস্থার অধীনে থাকা সমস্ত পুরবাজারগুলোর দোকানদারদের সিইএসসি মিটার দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও দোকানদারেরা পুর বাজারগুলোতে বিদ্যুৎ সংযোগ নিতে অনীহা প্রকাশ করছে বলে অভিযোগ জানিয়েছিলেন বাজার মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি।মঙ্গলবার কলকাতা পুরসংস্থার পক্ষ থেকে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাইকে পেমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।এমনকি এই সমস্যার সমাধানের কথা তিনি মেয়র পারিষদ আলো ও বিদ্যুৎ সন্দীপ রঞ্জন বক্সীকেও জানান।

পাশাপাশি এদিন বাজার মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি সি ই এস সিকে জানান,পুরবাজারে সমস্ত দোকানদারদের ব্যাক্তিগত ভাবে বিদ্যুৎ সংযোগ করে দিতে হবে।সেই মত ইতিমধ্যেই বেশ কয়েকটি বাজারে পরিদর্শন করেছে সি ই এস সি আধিকারিকরা বলেই জানান মেয়র পারিষদ আলো ও বিদ্যুৎ সন্দীপ রঞ্জন বকশি।তিনি স্পষ্ট জানিয়ে দেন,‘পুর বাজারে মিটার বসানোর জন্য জায়গা দেবে কলকাতা পুরসংস্থা।সেক্ষেত্রে দোকানদারদের মিটার বসানোর জন্য কোনোরকম সমস্যার হওয়ার কথাই নয়।তাই কলকাতার বিদ্যুৎ সংস্থা কে সমস্ত পুরবাজারে ব্যাক্তিগত ভাবে বিদ্যুৎ সংযোগের জন্য মিটার সরবরাহ করতেই হবে।’


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা