Home » পাচার হওয়া এক বাংলাদেশি যুবতীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিল বিএসএফ

পাচার হওয়া এক বাংলাদেশি যুবতীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিল বিএসএফ

সময় কলকাতা ডেস্ক: বিএসএফ-র মানবিক উদ্যোগ! পাঁচ মাস আগে পাচার হয়ে যাওয়া এক যুবতীকে বাংলাদেশে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিল বিএসএফ। বসিরহাটের স্বরূপনগরে বাংলাদেশ সীমান্তের ঘটনা। একটি পাচার হওয়া মেয়েকে ঘরে ফিরিয়ে দেওয়ার উদ্যোগের জন্য সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের প্রশংসা করেছেন স্থানীয়রা।

শনিবার বিকালে হাকিমপুর সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় সীমান্তের জিরো পয়েন্টে সন্দেহজনকভাবে এক মহিলাকে ঘোরাঘুরি করতে দেখেন ১১২ নম্বর নাগা ব্যাটলিয়নে কর্মরত এন্ট্রি হিউম্যান ট্রাফিকিং এর ইন্সপেক্টর আদিত্য নারায়ণ। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার বগারগোত গ্রামে ৷ এরপর ওই মহিলাকে আটক করে হাকিমপুর বিওপিতে নিয়ে যায় বিএসএফ। খবর দেওয়া হয় মানব পাচার প্রতিরোধে কাজ করা ‘সংলাপ’ নামক একটি সংগঠনকে।

জানা গিয়েছে, গত ৫ মাস আগে কাজ দেওয়ার নাম করে রকি নামে এক যুবক তাকে মুম্বাইয়ে নিয়ে যায়। সেখানে নিষিদ্ধপল্লীতে এক মহিলার কাছে তাকে বিক্রি করে দেয় ওই যুবক। এরপর শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওই নিষিদ্ধপল্লি থেকে কোন ক্রমে পালিয়ে আসে ওই মহিলা। বাংলাদেশে নিজের বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন তিনি।

বাংলাদেশে মানব পাচার প্রতিরোধ সংগঠন এবং বিজিবি- এর সঙ্গে কথা বলার পর ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে রবিবার বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) হাতে ওই মহিলাকে তুলে দেয় বিএসএফ।

About Post Author