সময় কলকাতা ডেস্কঃমাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি থাকলেও সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সুন্দরবনের নদীতে চলল দেদার মৎস্য শিকার। উঠেও এল লক্ষাধিক টাকার মাছ। সোমবার সুন্দরবনের নদী থেকে ধরা পড়ল একটি দুটি নয় ১০৯ টি বিশালাকার ভোলা মাছ।যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ মৎস্যজীবীদের।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। একই সঙ্গে এই ঘটনায় প্রশাসনের দিকেও উঠেছে একাধিক প্রশ্ন।
রাজ্য মৎস্য দপ্তরের নির্দেশ অনুযায়ী ,এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে জুন মাসের ১৬ তারিখ পর্যন্ত সুন্দরবনের নদীতে সমস্ত ট্রলার ও মাছ ধরার নৌকার উপর নিষেধাজ্ঞা জারি ছিল। তারই মাঝে রবিবার হঠাৎই সুন্দরবনের নদী থেকে ধরা পড়ে বিশালাকার ১০৯ টি ভোলা মাছ।এরপর এদিন সন্ধ্যায় মাছগুলিকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমার মাছের আড়তে নিয়ে আসা হয়।এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। বিশালাকার মাছ গুলিকে দেখতে বহু মানুষ ভিড় জমান ওই মাছের আড়তে ।এত বড় ভোলা মাছ তারা আগে কখনো দেখেননি বলেই জানান।
এদিন প্রতিকেজি ভোলা মাছ ৯০০ টাকা করে বিক্রি করা হয়।যার কারণে কয়েক লক্ষ টাকায় বিক্রি হয় ভোলা মাছগুলি।এই ভোলা মাছ গুলি সাধারণত ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয় বলেই জানা গিয়েছে।এমনকি এই মাছের পটকা থেকে মানব শরীরের অস্ত্রপচারে ব্যবহৃত সেলাই করার সুতো তৈরি হয়।পাশাপাশি বিভিন্ন ওষুধের খাপ তৈরিতেও এই মাছ কাজে লাগে।
গত একমাস মাছ ধরার নিষেধাজ্ঞা জারি থাকলেও কি করে এতগুলি ভোলা মাছ একসঙ্গে ধরা পড়ল তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।মাছ ধরার উপর প্রশাসনের পক্ষ থেকে কোনরকম নজরদারি নেই তা আবারও প্রমাণ হলো বলেই মনে করছেন সুন্দবনের একাংশের মৎস্যজীবীরা।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান