Home » বাংলায় সিএএ লাগু হবেই,মুখ্যমন্ত্রী আটকাতে পারবেন না,শিলিগুড়িতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী

বাংলায় সিএএ লাগু হবেই,মুখ্যমন্ত্রী আটকাতে পারবেন না,শিলিগুড়িতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী

সময় কলকাতা ডেস্কঃ উদ্বাস্থু মানুষের নাগরিকত্বের সমস্যা মেটাতে দেশের নাগরিকত্ব আইনের সংশোধন হয়েছে কয়েক বছর হল।সেই সংশোধনী আইন বিল পাশ হওয়ার  পর থেকেই প্রতিবাদ আন্দোলনে উত্তপ্ত হয়েছে সারা দেশ।বাদ যায়নি এই রাজ্যও।আবার দেশের উদ্বাস্থুদের একটা বড় অংশ মতুয়া ধর্মাম্বলী।তাদের একটা অংশের দাবি ছিল অবিলম্বে সিএএ লাগু করে নাগরিকত্বের সমস্যা মেটাতে হবে।সিএএ লাগু করা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে বারবার।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর দাবি করে এসেছেন যারা ভোট দিয়েছেন তারা সকলেই এই দেশের নাগরিক।তারপরও সিএএ লাগু করার দাবি উঠেছে এই রাজ্যে বারবার।এক বছর পর বৃহঃস্পতিবার রাজ্য দু’দিনের সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ  বসিরহাট সীমান্তে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠকের পরই উড়ে যান উত্তরবঙ্গে।সেখানে এক জনসভায় উপস্থিত হয়ে অমিত শাহ অভিযোগ করেন রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে।বারবার কেন্দ্রীয় মানবাধিকার কমিশনকে ছুটে আসতে হচ্ছে এই রাজ্যে। তিনি এই সভায় সাফ  জানিয়ে দেন  রাজ্যে কাটমানির রাজনীতি তারা বন্ধ করবেনই।একই সঙ্গে রাজ্যে সিএএ লাগু করে ছাড়বেন বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন সরকার কোন ভাবেই সি এ এ লাগু হওয়াকে আটকাতে পারবে না।

 

এর আগে তিনি  দিল্লি থেকে এসেই চলে যান বসিরহাট সীমান্তে হিঙ্গলগঞ্জে। সীমান্তে অনুপ্রবেশ রুখতে সুন্দরবন এলাকার নদীপথের দূর্গম এলাকাগুলিতে ভাসমান সীমান্ত চৌকির ব্যবস্থা করা হয়েছে। অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে বিএসএফ তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে। বৃহস্পতিবার সুন্দরবনে ৬ টি ভাসমান চৌকির আনুষ্ঠানিক উদ্বোধনের পর এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।প্রতিটি ভাসমান জেটির জন্য ৩০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।এইদিন হিঙ্গলগঞ্জের অনুষ্ঠান সেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী যান বনগাঁর হরিদাসপুরে।সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শিলান্যাস করেন মৈত্রী সংগ্রহালয়ের।সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতা ছাড়া অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করা সম্ভব নয়। তবে সাধারণ মানুষের চাপে পড়ে স্থানীয় প্রশাসন তা করতে বাধ্য হবে। প্রসঙ্গত সীমান্ত চোরা চালান ও পাচারের জন্য সীমান্তরক্ষী বাহিনীকে দায়ি করে এসেছে রাজ্যের শাসক দল।তৃণমূলের বরাবরের বক্তব্য হল চোরা চালান ও পাচারের ঘটনায় দায়ি বিএসএফ।এই দিন বনগাঁর হরিদাসপুরের অনুষ্ঠানে শাসকের অভিযোগের উত্তর দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আগামী কাল উত্তরবঙ্গে বেশ কিছু কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর। এরপর তিনি দিল্লি ফিরে যাবেন।

 

About Post Author