সময় কলকাতা ডেস্কঃ সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেছেন ২০২৪ সালে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হবে। রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্য প্রসঙ্গে শুভেন্দুকে পাগল বলে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, পাগলে কিনা বলে-ছাগলে কিনা খায়, তাই বলে কি মানুষের পাগল হওয়া শোভা পায়। এ রাজ্যের মানুষের সমর্থন নিয়ে পাঁচ বছরের জন্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠিত হয়েছে। শুভেন্দু মনে করছে, ৩৫৬ ধারা প্রয়োগ করে সরকার ভেঙে দিয়ে ওরা ভোট করবে। সম্প্রতি অমিত শাহ শুভেন্দুকে বুঝিয়ে গেলেও ও বুঝতে চাইছে না জে সিবিআই, ইডি দিয়ে ভোট হয় না। ভোট করাতে হলে মানুষের আস্থা অর্জন করতে হয়।

এদিন বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, ‘বিজেপি নিউজে থাকতে চায়। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে ততদিন প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে। শাসন আদালতে সত্য ঘটনা তুলে ধরবে। আদালতে তদন্ত রিপোর্ট এর সত্যতা তুলে ধরার মাধ্যমে আইনি পদক্ষেপের ওপর নির্ভর করবে সরকার কী ব্যবস্থা গ্রহণ করবে।’

কয়েকদিন আগে বঙ্গ সফরে এসে সীমান্ত এলাকায় চোরাচালান, পাচার এবং অনুপ্রবেশ নিয়ে রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়ে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘বাংলায় কোন অনুপ্রবেশ হয় না। আসামের সঙ্গে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে বাংলার সঙ্গে তুলনা করে লাভ নেই। অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে বিজেপির দাবি সঠিক নয়। বাংলায় যারা আগে বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এসে গিয়েছেন তারা আছেন। মোদি সরকারকে ভাবতে হবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে। সেই কারণে এ রাজ্য তথা এদেশ থেকে দর্জি শিল্পীরা ক্রমে বাংলাদেশে চলে যাচ্ছে কর্মসংস্থানের লক্ষ্যে। জিএসটি নোট বন্দি করে তুঘলকী করে এ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার।’ পাশাপাশি এদিন ফিরহাদ বলেন, ‘বিএসএফ কেন্দ্রীয় সরকারের অরগানাইজেশন, তাদের নির্দেশেই কাজ করে। বিএসএফকে এড়িয়ে কিভাবে অনুপ্রবেশ হয়? বিএসএফকে এড়িয়ে অনুপ্রবেশ হলেও তার দায় কি করে রাজ্য পুলিশের ঘাড়ে পড়তে পারে? সেই প্রশ্ন তোলেন ফিরহাদ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?