Home » রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ

রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ

কোয়েলী বণিক,সময় কলকাতা : রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ। কেন্দ্র এই মামলার পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রদ্রোহ আইনের পর্যালোচনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই আইনের আওতায় কোনও মামলা রুজু করা যাবে না। বুধবার এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি এন ভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহ আইনে যারা জেলবন্দি রয়েছেন, তাঁরাও আদালতে জামিনের আবেদন করতে পারবেন। এই আইনে আপাতত কোনও নতুন মামলাও রুজু করা যাবে না।

প্রসঙ্গত, মঙ্গলবারই এই মামলার শুনানি নিয়ে কেন্দ্রীয় সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। আদালতে জমা করা হলফনামায় কেন্দ্র জানায়, রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করা হবে। যদিও এর আগে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল, রাষ্ট্রদ্রোহ আইন বাতিলে তাদের সায় নেই। বুধবার সুপ্রিম কোর্টে কেন্দ্র ফের জানায়, রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছে।

একই সঙ্গে সর্বোচ্চ আদালত জানায়, নতুন করে এই আইন প্রয়োগ করে কাউকে গ্রেফতার করা যাবেনা। এই আইনে গ্রেফতার হওয়া ব্যক্তি জামিনের আবেদনও করতে পারবেন।এই আইন স্থগিত করা সত্ত্বেও যদি এই আইনে কারো বিরুদ্ধে মামলা দায়ের হয় তাহলে তিনি আদালতে দ্বারস্থ হতে পারবেন।

অন্যদিকে এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, “আমাদের দীর্ঘদিনের লড়াই আজ স্বীকৃতি পেল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চকে এই রায় প্রদানের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা রাখি যে কেন্দ্রীয় সরকার যথোপযুক্ত পুনর্বিবেচনার মাধ্যমে এই আইনের বিলোপ ঘটাবে।”

About Post Author