Home » ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি চালনা কাণ্ডে নতুন মোড়

ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি চালনা কাণ্ডে নতুন মোড়

সময় কলকাতা ডেস্কঃব্যারাকপুরের বিরিয়ানির দোকানে গুলি চালনা কাণ্ডে নতুন মোড়। পুলিশ সূত্রে খবর জেলে বসেই তোলা দাবি করে দেওয়া হয়েছিল হুমকি। কিন্তু তোলা দেননি ব্যারাকপুরের ওই বিরিয়ানি দোকানের মালিক বাপি দাস। ফলত জেলে বসেই বরাত দেওয়া হয় সুপারি কিলারকে। তার জেরেই ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে চলে গুলি। ঘটনায় আহত হন এক ক্রেতা ও একজন দোকানের কর্মী।

ঘটনার নেপথ্যে উঠে এলো সুজিত রায় নামে এক জেল বন্দির নাম। উল্লেখ্য ২০২০ সালে টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লা খুন কাণ্ডে অভিযোগ রয়েছে সুজিতের বিরুদ্ধে। আপাতত সেই ঘটনায় দমদম জেলে বন্দি রয়েছে সুজিত। এবার সেই ঘটনার তদন্তের সুবিধার্থে সুজিত কে নিজেদের হেফাজতে নিল মোহনপুর থানার পুলিশ। তাকে সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।এছাড়াও কাঁকিনাড়া থেকে রাহুল বর্মা নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত সপ্তাহ দুয়েক আগে ব্যারাকপুর ওয়ারলেস মোড় লাগোয়া ব্যারাকপুর বারাসাত রোডের ধারে বিখ্যাত বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে বাইক থামিয়ে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পালায় তিন দুষ্কৃতী। তাতে বিরিয়ানি দোকানের এক কর্মচারী ও এক ক্রেতা জখম হন। ঘটনায় দোকানের মালিক বাপি দাস পুলিশকে জানায়, ঘটনার কয়েকদিন আগে তার মোবাইলে একটি হুমকি ফোন এবং মেসেজ আসে।
সেই সূত্র ধরে সুজিতের হদিশ পায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে টিটাগড়ে মণীশ শুক্লা খুনে অন্যতম অভিযুক্ত দমদম জেলে বন্দি এই সুজিতই ,তোলা চেয়ে হুমকি দিয়েছিল বিরিয়ানি দোকানের মালিককে। তোলা না পাওয়ায় সুজিতই সুপারি কিলার পাঠিয়েছিল। সুজিতের নির্দেশ মতোই তিন দুষ্কৃতী বাইকে চেপে দোকানের সামনে দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

About Post Author