সময় কলকাতা ডেস্কঃ ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে গুলি চালনা কাণ্ডে গ্রেফতার হল আরও একজন। অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ থেকে শার্প শ্যুটার সোনু রাজভড়কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর ইতিমধ্যেই ধৃত মূল অভিযুক্ত সুজিত রায়কে জেরা করে শার্প শ্যুটার সোনু রাজভড়ের সন্ধান পায় পুলিশ। তাকে জেরা করে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য, জানা গেছে বিরিয়ানির দোকান মালিকের কাছে চাওয়া হয়েছিল বিশাল অঙ্কের তোলা। দাবিমতো তোলা না দেওয়ায় বিরিয়ানির দোকানের মালিক বাপিকে খুন করতে সোনুকে সুপারি দিয়েছিল সুজিত।

পুলিশ ধৃতকে জেরা করে সোনুর খবর পাওয়ার পরই বৃহস্পতিবার হায়দ্রাবাদের গোপন ডেরা থেকে সোনু ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। কাকিনাড়ার বাসিন্দা সোনু ব্যারাকপুরের শার্প শ্যুটার হিসাবে কুখ্যাত ছিল। সুপারি নিয়ে খুন করত সে। এই ঘটনার আগেও ব্যারাকপুরের শিল্পাঞ্চলে একাধিক খুন ও গুলিচালনা কাণ্ডে নাম জড়ায় সোনুর। দুষ্কর্মের পর নানান জায়গায় আত্মগোপন করত সে।পুলিশি জেরায় সুজিত জানায়, জেলে বসেই তোলা চেয়ে বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসকে বারংবার হুমকি দেয় সে। কিন্তু বাপি দাস তাতে রাজি হয়নি। এরপরই জেলে বসেই বাপিকে খুনের জন্য সোনুকে মোটা টাকা সুপারি দেয় সুজিত । এরপর ২ সঙ্গীকে নিয়ে মোটর সাইকেলে এসে বিরিয়ানির দোকানে গুলি চালায় সোনু ও তার সঙ্গীরা। ২ রাউন্ড গুলিতে আহত হন এক ক্রেতা ও দোকানের কর্মচারী। অল্পের জন্য রক্ষা পান বিরিয়ানির দোকান মালিক বাপি।


উল্লেখ্য গত ১৬ মে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের মোহনপুর থানা এলাকায় একটি বিখ্যাত বিরিয়ানির দোকানের সামনে মোটরসাইকেলে এসে গুলি চালায় ৩ দুষ্কৃতী। প্রথমে মনে করা হয়েছিল, ব্যবসায়িক শত্রুতা থেকে এই গুলি চালানো হয়। কিন্তু পরে পুলিশি তদন্তে এই ঘটনায় নতুন মোড় নেয়। তোলাবাজির তত্ত্ব সামনে আসে। সূত্রের খবর পুলিশ, সোনুকে ট্রানজিট রিম্যান্ডে ব্যারাকপুরে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে।
More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি