Home » স্বাদে অতুলনীয় ডিম ছাড়া নিরামিষ আমের কেক

স্বাদে অতুলনীয় ডিম ছাড়া নিরামিষ আমের কেক

সময় কলকাতা ডেস্ক : অনেকেই আছেন যারা কেক খেতে পছন্দ করেন কিন্তু ডিমে অ্যালার্জি বলে ভয়ে খেতে পারেন না। তাদের জন্য খুব ভালো লাগবে এই ডিম ছাড়া নিরামিষ আমের কেক।

ডিম ছাড়া আমের কেক তৈরির উপকরণ

• ময়দা এক কাপ (১১০ গ্রাম)
• আম একটি (৩০০ গ্রাম)
• কনডেন্সড মিল্ক ২০০ গ্রাম
• গুঁড়ো করা চিনি ১০০ গ্রাম
• দুধ ৩ বা ৪ টেবিল চামচ
• মাখন ৮০ গ্রাম (১/৩ কাপ)
• বেকিং পাউডার এক চা চামচ
• বেকিং সোডা ১/৪ চা চামচ

পদ্ধতি

ওভেন ১৮০°C তাপমাত্রায় দশ মিনিট প্রিহিট করুন। একটি ৮ ইঞ্চির কেক প্যান ভালো করে মাখন ব্রাশ করে রেডি করে রাখুন। আম ধুয়ে, খোসা ছাড়িয়ে, আঁটি বাদ দিয়ে শাঁস মিক্সিতে পেস্ট করে নিন। ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা একটি বড় বাটিতে একসাথে চেলে নিন। আমের শাঁসের সাথে মাখন, কনডেন্সড মিল্ক ও গুঁড়ো করা চিনি ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা মিশ্রণ অল্প অল্প করে ময়দার সাথে মেশাতে থাকুন। খুব জোরে বা খুব বেশি সময় ধরে মেশাবেন না।

মিশ্রণ চামচে তুলে ঢাললে যেন ফিতের মতো পড়ে। মিশ্রণ বেশি ঘন হয়ে গেলে এক চামচ এক চামচ করে দুধ মিশিয়ে নিন। রেডি করা কেক প্যানে মিশ্রণ ঢেলে কুড়ি মিনিট বেক করুন
কেকের ওপরের অংশ বেশি বাদামি হয়ে গেলে তাপমাত্রা কমিয়ে (১৫০°C) বেক করুন আরও দশ মিনিট। কেকের ওপরের রং বেশি বাদামি না হলে তাপমাত্রা পরিবর্তন করার দরকার নেই।এইভাবে মোট ৩০ মিনিট বেক হওয়ার পর একটি ছুরি ঢুকিয়ে দেখে নিন ভালোভাবে বেক হল কিনা। সব মাইক্রোওয়েভ সমান নয়। তাই বেকিং-এর সময় কম বেশি হতে পারে। মাইক্রোওয়েভ থেকে বের করে পছন্দমতো কাজু, কিশমিশ, চেরী দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

About Post Author