সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার প্রয়াত হয়েছেন বিখ্যাত সংগীত শিল্পী কেকে! কিন্তু কিভাবে মারা গেলেন তিনি? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সকলের মনে। যে মানুষটা কিছুক্ষণ আগে সুস্থ অবস্থায় গান গেয়ে পারফর্ম করছিলেন, হঠাৎ করেই কিভাবে এমন মর্মান্তিক পরিণতি হল তার? শুধুই কি শারীরিক অসুস্থতা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? গায়কের মৃত্যুর পর এমন প্রশ্নই উঠে আসছে।
এদিন নজরুল মঞ্চের দরজা বারবার খোলা এবং বন্ধ করা হচ্ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীদের অনেকেই। এসি আদৌ ঠিক ভাবে কাজ করছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত নন দর্শকরা। সূত্র মারফত জানা গিয়েছে, অন্তত সাত হাজার লোক এদিন ঢুকেছিলেন নজরুল মঞ্চে। যেখানে আড়াই হাজারের বেশী দর্শক থাকার কথা নয়। তাই ভিড় এড়াতে অগ্নিনির্বাপক যন্ত্র থেকে রাসায়নিক স্প্রে করা হয়েছিল বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা অনেকেই। সব মিলিয়ে, এটুকু স্পষ্ট, অনুষ্ঠান মঞ্চের আশেপাশে খুবই বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল।
মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠানের যে সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ছে, তার মধ্যে বেশিরভাগেই দেখা গিয়েছে, গানের মাঝে বার বার রুমাল দিয়ে মুখ-কপালের ঘাম মুছছেন শিল্পী। মাথাতেও ওই রুমাল বোলাচ্ছেন। একাধিক বার ছোট বোতল থেকেও গলায় ঢালছিলেন জল। এমনকি মঞ্চের আলো পর্যন্ত নিভিয়ে দিতে বলেছিলেন তিনি। তবে কি অনুষ্ঠানের সময়েই অসুস্থ বোধ করছিলেন? আলো সহ্য করতে পারছিলেন না ? কেকে-র আকস্মিক মৃত্যুর পর এমনই নানা প্রশ্ন উঠছে।

তবে এদিন কেকে-র পারফরম্যান্সে শারীরিক অস্বস্তি বিন্দুমাত্র লক্ষ্য করা যায়নি। তাঁর গলায় জনপ্রিয় গান ‘হাম রাহে ইয়া না রাহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল ‘ গানটি গেয়েই শেষ বিদায় নিলেন শিল্পী।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা