সময় কলকাতা ডেস্কঃস্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে পারবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট অভিষেককে ৩ থেকে ১০ জুন সস্ত্রীক দুবাইয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে। তবে অভিষেককে বিমানের টিকিট, হোটেল, ফোন নম্বর, হাসপাতালের নাম ইডির কাছে জমা দিতে হবে।

উল্লেখ্য ইডির নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাঝেমধ্যেই চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে হয় তাঁকে। ৩-১০ জুন কার্যত সে কারণেই দেশে থাকতে পারবেন না অভিষেক। কিন্তু তৃণমূল সাংসদের অভিযোগ, ইডি তাঁর চিকিৎসার কাজে বাধা দিয়েছে। তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ইডির অফিসারদের নির্দেশের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, চিকিৎসার জন্য দেশে থাকতে পারবেন না, সে বিষয়ে ইডিকে আগাম জানান তিনি। ওই নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে যেন জিজ্ঞাসাবাদের জন্য না ডাকা হয়। কিন্তু ইডি অভিষেককে জানিয়েছে, বিদেশে যাওয়া যাবে না। এরপরই বৃহস্পতিবার ইডি-র বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন তৃণমূল সাংসদ।
প্রসঙ্গত,২০১৬ সালের অক্টোবর মাসে বহরমপুর থেকে একটি কর্মসূচি সেরে কলকাতায় ফেরার সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা হয় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। সেই দুর্ঘটনায় তাঁর মাথা ও বাঁ-চোখে আঘাত লাগে। এরপর কলকাতার এক বেসরকারি হাসপাতালে অভিষেকের চোখের অস্ত্রোপচারও হয়।


More Stories
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার, সরব মহুয়া
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
সব্যসাচীকে গ্রেফতার করিয়েছেন কাকলি, অভিযোগ কল্যাণের