Home » প্রকাশিত মাধ্যমিকের ফলাফল

প্রকাশিত মাধ্যমিকের ফলাফল

সময় কলকাতা ডেস্ক: প্রকাশিত মাধ্যমিকের ফলাফল। ৭৯ দিনের মাথায় এ বছর ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার সকাল ন’টায় সাংবাদিক বৈঠক করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ মার্কশিট দেওয়া হবে বেলা সাড়ে বারোটা নাগাদ। তবে সকাল ১০ টা থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী। এর মধ্যে মোট পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবছর মোট পাশের হার ৮৬.৬০ শতাংশ। ফলপ্রকাশের ১৫ দিনের মধ্যে অনলাইনে স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে বলে  জানান পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

যুগ্মভাবে প্রথম  হয়েছে বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘড়াই ও পূ্র্ব বর্ধমানের রৌণক মণ্ডল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৩। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে মালদহের কৌশিকী সরকার ও ঘাটালের রৌণক মণ্ডল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯২ । তৃতীয় স্থানে আসানসোলের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। তাদের নম্বর ৬৯১। চতুর্থ স্থান অধিকার করেছে ৪ জন। পঞ্চম হয়েছেন ১১ জন।  তাঁদের মোট নম্বর ৬৮৯। ষষ্ঠ স্থানেও রয়েছেন পাঁচজন। মোট প্রাপ্ত নম্বর ৬৮৮।  সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন ১০ জন। তাঁদের মোট নম্বর ৬৮৭। ৬৮৬ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছেন ২২ জন। ৬৮৫ নম্বর পেয়ে নবম স্থানে ১৫ জন । প্রায় ৪০ জন রয়েছেন দশম স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪।

About Post Author