Home » আনন্দ উচ্ছাসের মাঝেই আত্মঘাতী পড়ুয়া

আনন্দ উচ্ছাসের মাঝেই আত্মঘাতী পড়ুয়া

সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার প্রকাশিত হয় মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই ফল প্রকাশের পর বিভিন্ন জায়গায় আনন্দ-উল্লাসের নানান দৃশ্য দেখা গেলেও লাভপুরের ভগবতীপুরে নেমে এল শোকের ছায়া। মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হতে না পেরে আত্মঘাতী হলেন বীরভূমের এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম প্রিয়াঙ্কা বাগদী।

জানা গিয়েছে, ওই পড়ুয়া চৌহাট্টা হাইস্কুলের পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষার পর থেকেই মানসিক ভাবে মুষড়ে ছি্লেন প্রিয়াঙ্কা। পরিবারের তরফে অনেক বোঝানো হলেও কোনও কাজ হয়নি। এরপর পরীক্ষার ফল প্রকাশিত হতেই অকৃতকার্য হওয়ায় ভেঙ্গে পড়ে সে। অবশেষে এদিন সন্ধ্যাবেলায় গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে প্রিয়াঙ্কা। এই ঘটনা প্রকাশে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছয় লাভপুর থানায়। খবর পেয়ে লাভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author