সময় কলকাতা ডেস্কঃ ৫ জুন রবিবার,বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে প্রতি বছর পালিত হয় এই দিনটি। তবে, এসবের মাঝেই রবিবার জলপাইগুড়িতে তিস্তা নদীর পাড় সাফাই এবং গাছের চারা বিতরণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন পরিবেশ প্রেমীরা। এদিন তিস্তার নদীর পাড় সাফাই এবং গাছের চারা বিতরণের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিল নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি সংগঠনের সদস্যরা।

জানা গিয়েছে,জলপাইগুড়ি শহরে জন্মদিন থেকে বিবাহ বার্ষিকী কিংবা বন্ধু-বান্ধবেরা মিলে গেট টুগেদার করলেই প্রত্যেকেই এক কথায় তিস্তা নদীর পাড়কেই বেছে নেন। শুধুমাত্র শহরের মানুষের অবসর সময়ে হাঁটাহাঁটি, আড্ডা এবং বিনোদনের জন্যই নয়, সকালের শরীরচর্চা থেকে শুরু করে বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপ এবং কচিকাচাদের খেলাধুলোর ক্ষেত্রেও তিস্তা নদীর পাড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু, এই জনপ্রিয় জায়গাতেই কিছু দায়িত্বজ্ঞানহীন মানুষ প্লাস্টিকের মোড়ক, প্লাস্টিকের বোতল, অ্যালুমিনিয়াম ফয়েল এবং কাঁচের বোতলের মতো জিনিসগুলি ফেলে জায়গাটিকে নোংরা এবং অস্বাস্থ্যকর করে তুলছে। তাই, বিশ্ব পরিবেশ দিবসে সংগঠনের পক্ষ থেকে আট থেকে আশি সবাই মিলেই বস্তা বোঝাই বর্জ্য পদার্থ সংগ্রহ করে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান