সময় কলকাতা ডেস্কঃ ভোট-পরবর্তী হিংসা’ মামলায় সিবিআই এবার অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী পূর্ব বর্ধমানের কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শাহনওয়াজ হোসেন এবং লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত্ সিংহকে তলব করল। কলকাতা হাই কোর্টের নির্দেশে ‘ভোট-পরবর্তী হিংসা’ মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শনিবার সিবিআই দুর্গাপুরের এনআইটি-তে তাদের অস্থায়ী শিবিরে ওই দুই বিধায়ককে তলব করেছিল। তলব পেয়েই তৃণমূলের দুই বিধায়ক শনিবার সকালে সেখানে উপস্থিত হন। এরপর সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই খুন হয়েছিলেন বীরভূমের ইলামবাজারের বিজেপি কর্মী গৌরব সরকার। তার মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেই একের পর এক নেতাকে তলব করছে সিবিআই, এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক খোকন দাস, আউশগ্রাম ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যাকে তলব করেছে সিবিআই। এ বিষয়ে অভিজিৎ সিংহ বলেন, ‘সিবিআই আমাকে ডেকেছে। এক জন কর্তব্যনিষ্ঠ নাগরিক হিসাবে যাচ্ছি। তদন্তে সব রকম সহযোগিতা করব।’
প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসা’ মামলায় গত দুদিন আগেই কলকাতায় সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা জেরা করেন সিবিআই আধিকারিকরা। এছাড়াও দুর্গাপুরের অস্থায়ী শিবিরে কিছু দিন আগেই বীরভূম এবং বর্ধমানের প্রায় আট জন তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতি এবং বেশ কিছু তৃণমূল নেতা-কর্মীদের তলব করেছিল সিবিআই।


More Stories
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫